করোনা পরিস্থিতিতে বাংলাদেশি অভিবাসী ও ব্যবসায়ীদের পাশে বিডিচেম

আপলোড তারিখঃ 2020-04-30 ইং
করোনা পরিস্থিতিতে বাংলাদেশি অভিবাসী ও ব্যবসায়ীদের পাশে বিডিচেম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশি অভিবাসী ও ব্যবসায়ীদের কল্যাণের জন্য বিভিন্ন প্রকার কার্যক্রম হাতে নিয়েছে সিঙ্গাপুরে বাংলাদেশের ব্যবসায়ীদের সংগঠন ‘বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর (বিডিচেম)’। ইতিমধ্যে প্রায় ৩ হাজার অভিবাসী বাংলাদেশিকে বিনা মূল্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করেছে সংগঠনটি। বিডি চেম্বারের উদ্যোগে গত মঙ্গলবার (২৮ এপ্রিল) করোনা আক্রান্ত এবং কোয়ারান্টিনে থাকা প্রায় ৭০ জন বাংলাদেশিকে নামাজ পড়ার জন্য নামাজের কার্পেট ও রমজানের খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে। আক্রান্তেরা ফেরার পার্ক হসপিটাল ও ওয়ান ফেরার হোটেলে চিকিৎসাধীন ও কোয়ারান্টিন অবস্থায় আছেন। এদিকে বিতরণ কার্যক্রমে সর্বাত্মক সহায়তা করেন সংগঠনটির সাবেক প্রেসিডেন্ট মো. সাহিদুজ্জামান টরিক, সেক্রেটারি সাব্বির শাহান, ভাইস-প্রেসিডেন্ট মো. মনিরুজ্জামান, জয়েন্ট সেক্রেটারি আমানুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু সায়েম আজাদ, আশরাফুল আলম (রবিন), রেজাউল ইসলাম, মো. মুজিবুর রহমান, হাসান মনোয়ারুল, মো. পান্নাসহ আরও ব্যবসায়ী নেতৃবৃন্দ। বিডিচেমের সাধারণ সম্পাদক সাব্বির শাহান বলেন, তাঁরা তাঁদের প্রতিনিধিদের মাধ্যমে সবসময় বিভিন্ন হাসপাতাল এবং হোটেলগুলোতে চিকিৎসাধীন ও কোয়ারান্টিনে থাকা বাংলাদেশিদের খোঁজ খবর রাখছেন। তিনি বলেন, যেহেতু বেশিরভাগ ডরমেটরি লকডাউন এবং সরকার পুরোপুরি নিয়ন্ত্রণ করছে, তাই তাঁদের পক্ষে ডরমেটরিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সরাসরি সাহায্য করা সম্ভব হচ্ছে না। কিন্তু তাঁরা প্রতিনিয়ত বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ডরমেটরিতে অবস্থানরত বাংলাদেশিদের খোঁজখবর নিচ্ছেন। তিনি আরও বলেন, চলমান সার্কিট ব্রেকারে সকল কিছু বন্ধ থাকার কারণে সিঙ্গাপুরে অবস্থানরত বাংলাদেশি কোনো পরিবার যদি খাদ্য সংকটে পড়ে, তাহলে তাদের সাথে যোগাযোগ করলে তাঁরা বিনা মূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী সরবরাহ করার ব্যবস্থা করবে। বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের (বিডিচেম) সাবেক সভাপতি সিঙ্গাপুরের বিশিষ্ট ব্যবসায়ী মো. সাহিদুজ্জামান টরিক জানান, বিডি চেম্বারের অন্তর্গত বাংলাদেশি ব্যবসায়ীরা এবং তাঁদের শ্রমিকরা কীভাবে সুস্থ থাকতে পারে, সে ব্যাপারে তাঁরা সর্বাত্মক দিক নির্দেশনা এবং খোঁজখবর নিচ্ছেন এবং সিঙ্গাপুরে বাংলাদেশি ব্যবসায়ীদের যেকোনো সমস্যায় তাঁরা পাশে থাকবেন। সর্বশেষ পাওয়া তথ্য মতে, এই পর্যন্ত সিঙ্গাপুরের ১৫ হাজার ৬৪১ জন আক্রান্ত হয়েছে। যার প্রায় ৭ হাজারের কাছাকাছি বাংলাদেশি রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ব্যাপারে সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের শ্রম সচিব আতাউর রহমানের সাথে কথা বললে তিনি জানান, ‘যেহেতু সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় গত এক সপ্তাহ যাবৎ বাংলাদেশিদের আক্রান্তের সংখ্যা আমাদেরকে অবহিত করেননি। সেহেতু সর্বমোট বাংলাদেশি আক্রান্তের রেকর্ড আমাদের কাছে নেই।’ এই ব্যাপারে সর্বশেষ তথ্যের জন্য তিনি বাংলাদেশে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)