স্বাস্থ্যবিধি মেনে চলতে এবার আরও কঠোর অবস্থানে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন

আপলোড তারিখঃ 2020-04-22 ইং
স্বাস্থ্যবিধি মেনে চলতে এবার আরও কঠোর অবস্থানে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরে ইজিবাইক ও রিকসা চলাচল বন্ধ থাকায় পুরো শহরের পরিবেশ কার্যত লকডাউনের মধ্যে আরেক নতুন রুপ নিয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কার্যত লকডাউন চলছে চুয়াডাঙ্গা জেলাজুড়ে। এর মধ্যে সোমবার (২০ এপ্রিল) রাতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার রিকশা, ইজিবাইক এবং সব প্রকার অবৈধ যানবাহন শহরে চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করেন। রিকশা, ইজিবাইক চলাচল বন্ধের গণবিজ্ঞপ্তির জারির প্রথম দিন পুনরায় চুয়াডাঙ্গা শহর আরেক নতুন রুপ দেখল। শহরে ঢোকার চারটি প্রান্তে নিরাপত্তায় থেকে পুলিশ রিকশা, ইজিবাইকসহ কোনো প্রকার অবৈধ যান ঢুকতে দেয়নি। ফলে পুরো শহরে কয়েকটা মোটরসাইকেল আর প্রাইভেটকার ছাড়া তেমন যানবহন ছিল না। রাস্তায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ক্রয়, ওষুধসহ চিকিৎসার জন্য বের হওয়া মানুষজনকে চরম ভোগান্তিতে পড়তে দেখা গেছে। হাসপাতালে যাওয়ার জন্য পরিবহন না পাওয়ায় হেঁটেই গেছেন অনেকে। তবে কিছু কিছু স্থানে ইজিবাইক ও রিকশা চালকদেরকে প্রশাসনের নজর এড়িয়ে কৌশলে অলি-গলিতে চলাচল করতে দেখা গেছে। এদিকে, কঠোর অবস্থানে ছিল প্রশাসন। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা না মানায় চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতে ৪০ জনের কাছ থেকে ২৬ হাজার ৩ শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দিনব্যাপী চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ জেলার বিভিন্ন স্থানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। একই সঙ্গে পুলিশ এবং সেনাবাহিনীসহ আইন প্রয়োগকারী সংস্থাগুলোও কঠোর অবস্থানে ছিল। কিছু কিছু স্থানে সেনবাহিনীকে মানুষকে সচেতন করাসহ নিত্যপণ্যের বাজার ও ব্যাংকগুলোতে শারীরিক দূরুত্ব নিশ্চিতকল্পে লাইন ঠিক করতেও দেখা গেছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আজ বুধবার থেকে আরও কঠোর অবস্থানে থাকবে প্রশাসন। এদিকে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় একই নম্বর ও তারিখে গণবিজ্ঞপ্তি প্রতিস্থাপিত করে পুরো চুয়াডাঙ্গা জেলায় রিকশা, ইজিবাইক এবং সব প্রকার অবৈধ যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম সরকার। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় চুয়াডাঙ্গা জেলায় গণউপদ্রব রোধকল্পে ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮-এর ১৩৩ ধারা মোতাবেক আজ (বুধবার) থেকে জনস্বার্থে সক প্রকার রিকশা, ইজিবাইক এবং সব প্রকার অবৈধ যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো। গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্টের মাধ্যমে এবং পুলিশ, সশস্ত্র বাহিনী, আনসারসহ সব প্রকার আইন প্রয়োগকারী সংস্থা আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)