সনো ল্যাবের বিরুদ্ধে রক্তের ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগ

আপলোড তারিখঃ 2020-04-09 ইং
সনো ল্যাবের বিরুদ্ধে রক্তের ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগ ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে কাঞ্চনমালা (২২) নামের এক রোগীর রক্তের ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগ উঠেছে সনো ল্যাবের বিরুদ্ধে। গতকাল বুধবার মেহেরপুর শহরের অন্য দুটি প্যাথলজিতে রক্তের পরীক্ষা করতে গেলে ভুলের বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় সনো ল্যাবের দায়িত্বে অবহেলা ও ভুল রিপোর্ট প্রদানের জন্য শাস্তি দাবি করেছে ভুক্তভুগী পরিবার। কাঞ্চনমালা গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের রামকৃষ্ণপুর ধলার রানার স্ত্রী। কাথুলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মজিবুল হক মানিক জানান, ‘গত ১২ মার্চ মেহেরপুর শহরের হাসপাতাল এলাকার সনোল্যাবে আমার বন্ধু রানার স্ত্রী কাঞ্চনমালার রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। সেখানে নিলিম চন্দ্র দাস নামের এক মেডিকেল টেকনোলজির স্বাক্ষরিত রক্তের গ্রুপ বি পজেটিভ বলে রিপোর্ট প্রদান করে। বুধবার রানার স্ত্রী কাঞ্চনমালার সিজারিয়ান অপারেশনের জন্য মেহেরপুর অ্যাপোলো ক্লিনিকে ভর্তি করা হয়। অপারেশনের জন্য সেখানে রক্ত সংগ্রহ করতে বলেন তারা। পরে আমার রক্তের সাথে মিল থাকায় আমার শরীর থেকে বি পজেটিভ রক্ত একটি ব্যাগে রাখা হয়। পরে কাঞ্চনমালা ও আমার রক্তের গ্রুপ ও ক্রস ম্যাসিং করতে গেলে রক্তের গ্রুপ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। এরপরপরই মেহেরপুর জেনারেল হাসপাতাল, রাবেয়া মেডিকেল সার্ভিসেস ও প্রাইম ল্যাবে কাঞ্চনমালার রক্ত পরীক্ষা করা হয়। সেখানে তার রক্ত এবি পজেটিভ বলে রিপোর্ট প্রদান করে।’ কাঞ্চনমালার স্বামী রানা জানান, ‘ভুলক্রমে বি পজেটিভ রক্ত যদি আমার স্ত্রীর শরীরের দেওয়া হতো নিশ্চিত দূর্ঘটনা ঘটত। যেহেতু সনোল্যাব কর্তৃপক্ষ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা করছে, অবিলম্বে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’ এ ঘটনায় তিনি সনোল্যাব কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মানববন্ধন ও মামলা করবেন বলেও জানান। তিনি আরও বলেন, মেহেরপুর সিভিল সার্জনকে এ বিষয়ে মৌখিকভাবে অভিযোগ দেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, অদক্ষ মেডিকেল টেকনোলজি ও কর্তৃপক্ষের অবহেলার কারণে এ ধরনের ভুল রিপোর্টে প্রদান করা হয়েছে। ইতিপূর্বে সনোল্যাবে এ ধরনের ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় পুনরায় এ ধরনের ঘটনা ঘটেইে চলেছে। সনোল্যাবের মেডিকেল টেকনোলজির টেলিফোন নম্বরে এ বিষয়ে কথা বলতে চাইলে কল দেওয়া হলে মেডিকেল টেনোলজি নিলিম চন্দ্র দাস পরিচয় দিয়ে তিনি জানান, ‘রিপোর্টটি ভুল হয়েছে। আমরা ব্যক্তিগতভাবে রোগীর স্বজনদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।’ সনোল্যাবের মালিক ডা. সপ্পু আগরওয়ালার সঙ্গে কথা বলার জন্য মোবাইল নম্বর চাইলে মেডিকেল টেনোলজি নিলিম চন্দ্র বলেন, ‘স্যার করোনা সংক্রমনের কারণে রোগী দেখা বন্ধ রেখেছে। তাই মোবাইল ফোনটিও বন্ধ এ কারণে কথা বলা সম্ভব হয়।’ মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীন বলেন, এ বিষয়ে রোগীর স্বজনেরা মৌখিকভাবে অভিযোগ করেছে। রোগীর স্বজনদের রক্ত পরীক্ষার কাগজপত্র নিয়ে আসতে বলা হয়েছে। যদি ভুল রিপোর্ট প্রদান করেছে বলে প্রমাণিত হয়, তাহলে সনোল্যাবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)