ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার হাসনহাটিতে বিষপান করে শ্বাসকষ্টে আক্রান্ত মঙ্গল আলী (৬০) নামের এক বৃদ্ধার আত্মহত্যা করেছেন। গতকাল মঙ্গলবার সকাল আটটার দিকে নিজ বাড়িতে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেন। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। নিহত বৃদ্ধ চুয়াডাঙ্গা সদর উপজেলার হাসনহাটি গ্রামের রসূল ম-লের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গল আলী দীর্ঘদিন যাবত শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন। করোনা আক্রান্ত সন্দেহে তাঁকে হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হবে, এমন ভয়ে তিনি হাসপাতালে চিকিৎসা নিতে আসেননি। তবে কয়েক দিন যাবত তাঁর শ্বাসকষ্ট বাড়লে গুরুতর অসুস্থবোধ করেন তিনি। হাসপাতালেও আসতে পারেননি বন্দী হওয়ার ভয়ে। তবে শ্বাসকষ্ট সহ্য করতে না পেরে গতকাল সকালে তিনি বিষপান করেন। বিষপানের বিষয়ে জানতে পেরে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফাতিমা হক বলেন, বিষপানে গুরুতর অসুস্থ এক রোগীকে জরুরি বিভাগে নেওয়া হলে তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক ছিল। পরিবারের থেকে জানতে পেরেছি, রোগী শ্বাসকষ্টে আক্রান্ত ছিল। হাসপাতালের ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।
