ছবির ক্যাপশন:
করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে
সমীকরণ প্রতিবেদন:
প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান প্রদান করেছে খ্যাতনামা জুয়েলারি প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ড। গত রোববার প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউসের হাতে এ অনুদানের চেক তুলে দেন ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি যুক্ত হন। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের সাহায্য যাতে যথাযথভাবে বিতরণ হয়, তা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা প্রদান করেন। এ সময় দিলীপ কুমার আগরওয়ালা তাঁর নিজ এলাকা চুয়াডাঙ্গা জেলা প্রশাসক, পুলিশ সুপার ও মেয়রের সমন্বয়ে প্রকৃত ভুক্তভোগীদের মধ্যে ত্রাণ বিতরণ করা হবে বলে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন।
এ প্রসঙ্গে দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ‘আমি ও আমার প্রতিষ্ঠানের ব্রতই হল সেবা করা। যেকোনো পরিস্থিতে মানুষের পাশে থাকতে পারাটাই জীবনে স্বার্থকতা। শুধু করোনা পরিস্থিতি না, আমি দীর্ঘদিন যাবৎ তারা দেবী ফাউন্ডেশনের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছি। আমি দেশবাসী ও বিত্তবানদের কাছে অনুরোধ করব, আপনারা যার যার অবস্থান থেকে মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিবেন এবং মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন। আমরা যাতে এই পরিস্থিতি অতিক্রম করে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি।’
