ছবির ক্যাপশন:
করোনার সংক্রমণ রোধে চুয়াডাঙ্গায় সরকারি নির্দেশনা অমান্য
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা না মানায় চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। প্রতিদিনের ন্যায় গতকাল রোববার দিনব্যাপী চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ জেলার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে, চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি দোকান ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা শহরে দিনব্যাপী সেনাবাহিনীর সহযোগিতায় বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান। এ সময় তিনি সেনাবাহিনীর সহযোগিতায় বড় বাজার চৌরাস্তার মোড়ে মোটরসাইকেল চেকিং করেন। হেলমেট এবং কাগজপত্র না থাকায় ৬ জনকে মোট ২৭ শ টাকা জরিমানা করা হয়।
এদিকে, চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদ চুয়াডাঙ্গা শহর, আলুকদিয়া, পীরপুরসহ জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সন্ধ্যা ৬টার পর দোকান খোলা রাখার অপরাধে ৫ দোকান মালিককে মোট ৮ হাজার টাকা জরিমানা করেন। অপর দিকে হাতিকাটা, আলুকদিয়া, ভাংবাড়িয়াসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান। এ সময় ভ্রাম্যমাণ আদালতে তিনজনকে সাড়ে চার শ টাকা জরিমানা করা হয়।
