ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ সদর উপজেলার কালুহাটী দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ওই মাদ্রাসার নৈশপ্রহরী রকিউল ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল শনিবার সকালে ওই ছাত্রীকে ধর্ষণচেষ্টা করেন রকিউল। এ ঘটনায় মাদ্রাসা কমিটির সভাপতি ও সুপারের নেতৃত্বে শনিবার বিকেলে এক জরুরি সভা ডাকা হয়। সভায় নৈশপ্রহরী রকিউলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রকিউল কালুহাটী গ্রামের মৃত মসলেম জোয়ার্দ্দারের ছেলে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় একটি ধর্ষণচেষ্টার মামলা হয়েছে। এলাকাবাসীর ভাষ্যমতে, শনিবার সকালে ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী শিহাব নামের এক প্রাইভেট টিচারের কাছে পড়তে যাচ্ছিল। এ সময় রকিউল তাকে ফুঁসলিয়ে ধর্ষণচেষ্টা করেন। ঘটনাচক্রে কালুহাটী গ্রামের রাশেদুল ইসলাম ও জহির দেখে ফেলেন। এরপর ঘটনাটি সারা গ্রাম জানাজানি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তবে মাদ্রাসা পরিচালকা কমিটির সদস্য মুক্তার হোসেন জানান, দীর্ঘদিন থেকেই ওই কিশোরীর সঙ্গে নৈশপ্রহরীর রকিউলের সম্পর্ক ছিল। সম্পর্কের সুবাদেই হয়তো তাঁরা এমন অনৈতিক কাজে জড়িত হতে চেয়েছিল।
