ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন বলেছেন, ‘আগামী ১০ দিন খুবই গুরুত্বপূর্ণ দিন। এই ১০ দিনে কর্মহীন হয়ে পড়া অসহায় খেটে খাওয়া মানুষদের খাবারের ব্যবস্থা করতে হবে যাতে করে তাদের বাড়ির বাইরে বের হওয়ার প্রয়োজন না হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ইউনিয়ন পরিষদ থেকে ব্যবস্থা নিতে হবে যাতে করে ইউনিয়নের লোকজন গ্রাম থেকে শহরে না আসে। প্রতিমন্ত্রী আরও বলেন, করোনাভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষে সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বুধবার (০১ এপ্রিল) দুপুরের দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতার লক্ষে মেহেরপুর জেলা প্রশাসকের সঙ্গে কথা বলার সময় এ কথা বলেন। ভিডিও কনফারেন্সে জেলা প্রসাশক মো. আতাউল গনি, পুলিশ সুপার এস এম মুরাদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসমান গনি, সহকারী কমিশনার (ভূমি) মাইনউদ্দিন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিম, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, ইউপি চেয়ারম্যান মো. শাহ্জামান, আনারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
