ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলশনে থাকা করোনা আক্রান্ত রোগী সাব্বির আহম্মেদের অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। খুব শিগগিরই তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে বলেও জানিয়েছে তারা। এদিকে, নতুন করে সম্ভাব্য আক্রান্ত রোগীদের জন্য হাসপাতালে প্রস্তুত করা হয়েছে ১৫ শয্যার অইসোলেশন ওয়ার্ড। একই সঙ্গে ১৫০ জনের কোয়ারেন্টাইনের জন্য হাসপাতাল প্রাঙ্গণে প্রস্তুত রাখা হয়েছে দুটি আবাসিক ভবন।
তথ্যানুসারে, ১৬ মার্চ বেলা ১১টার দিকে ইতালি ফেরত সাব্বির আহম্মেদকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখেন কর্তব্যরত চিকিৎসক। সাব্বির আহম্মেদ করোনায় আক্রান্ত কি না, তা নিশ্চিত হতে ওই দিনই যশোর থেকে আইইডিসিআরের একজন প্রতিনিধি চুয়াডাঙ্গা এসে সোয়াব সংগ্রহ করে ঢাকা পাঠান। এরপর রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) রিপোর্টের ফলাফল হাতে পেয়ে ১৯ মার্চ দুপুর দুইটায় সাব্বির আহম্মেদ করোনা ভাইরাসে আক্রান্ত বলে নিশ্চিত করেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান বলেন, চুয়াডাঙ্গাতে কমতে শুরু করেছে হোম কোয়ারেন্টাইনের সংখ্যা। হাসপাতালের আইসোলেশনে থাকা করোনা আক্রান্ত সাব্বির আহম্মেদের অবস্থাও উন্নতির দিকে। তবে হাসপাতালের প্রস্তুত রাখা হয়েছে ১৫ শয্যার আইসোলেশন ওয়ার্ড। এ ছাড়া হাসপাতাল প্রাঙ্গণের দুটি আবাসিক ভবনে রয়েছে ১৫০ জনের জন্য কোয়ারেন্টাইনের ব্যবস্থা।
