হামিদুল আজম/শেখ শফি:
আলমডাঙ্গায় নতুন করে কয়েকজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে প্রবাসফেরত রয়েছেন ৫৯ জন। এ নিয়ে আলমডাঙ্গা উপজেলায় হোম কোয়ারেন্টাইনে থাকার মোট সংখ্যা দাঁড়াল ৬৭। তবে হোম কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হওয়ায় স্বাভাবিকভাবে চলাচল করতে বলা হয়েছে ২ জনকে। অন্যদিকে, করোনাভাইরাস প্রতিরোধে আলমডাঙ্গা পৌর পশুর হাটসহ উপজেলার সব পশুর হাট ও সাপ্তাহিক হাট বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রসাশন। এ ছাড়া, পৌর শহরে মুদি দোকান, ওষুধের দোকান, কাঁচা বাজারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান বাদে সব রকম দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পৌর শহরের পাশাপাশি পুরো উপজেলায় চায়ের দোকান থেকে শুরু করে সব ধরনের দোকান থেকে টেলিভিশন অপসারণসহ গান-বাজনা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী জানান, সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। এ কারণেই দোকান থেকে টেলিভিশন অপসারণসহ গান-বাজানা বাজানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তিনি আরও জানান, প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চায়ের দোকানগুলো থেকে টেলিভিশন অপসারণ করা হবে। এ ব্যপারে ইতিমধ্যে সবাইকে সতর্ক করে উপজেলার সর্বত্র মাইকিং করা হয়েছে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, কোনো দোকান বা স্থানে জনসমাগম যেন না হয়, এ জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট এলাকার পুলিশ ফাঁড়ির ইনচার্জদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
