ছবির ক্যাপশন:
করোনা মোকাবিলায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের উদ্যোগ
রুদ্র রাসেল:
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আগত রোগীদের করোনাভাইরাস থেকে রক্ষা করতে এবং তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হাসপাতাল সম্মুখে বেসিন স্থাপন করে হাত ধোয়ার ব্যবস্থা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আগত রোগীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আধা ঘণ্টা পরপর করা হচ্ছে মাইকিং। মাইকিংয়ে বলা হচ্ছে, ‘করোনাভাইরাস প্রতিরোধে হাসপাতালে প্রবেশ করার পূর্বে হাসপাতালের সম্মুখে রাখা বেসিনে সাবান দিয়ে হাত ভালো করে ধুয়ে নিন। হাসপাতাল থেকে বাড়ি ফিরে আবারও সাবান দিয়ে হাত ভালো করে ধুয়ে নিন এবং দৈনিক কয়েকবার পরিবারের সবাইকে নিয়ে হাত ধোঁয়ার অভ্যাস গড়ে তুলুন। নিজে ভাইরাসমুক্ত থাকুন, অন্যকে ভাইরাসমুক্ত থাকতে সহায়তা করুন।’
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির জানান, সারা দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে সবাই ভীত। করোনাভাইরাসের সংক্রমণ থেকে রোগীদের সুরক্ষা দেওয়ার জন্য এ বেসিন স্থাপন করা হয়েছে।
এদিকে, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহাবুবুর রহমান মিলন বেসিনে হাত ধোয়ার জন্য সাবানের ব্যবস্থা করেছেন। যত দিন করোনাভাইরাসের সংক্রমণ থাকবে, তত দিন তিনি এভাবে এ হাত ধোয়া কার্যক্রমে অংশ নেবেন বলে জানা গেছে। হাসপাতালে রোগীদের সুরক্ষার জন্য হাত ধোয়ার বেসিন ও সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করায় মানুষ হাত ধুতে দেখা গেছে। এতে সচেতনতা বাড়বে বলে মনে করে হাসপাতাল কর্তৃপক্ষ।
