ছবির ক্যাপশন:
গাংনী অফিস:
করোনার অজুহাতে এক সপ্তাহের ব্যবধানে মেহেরপুর জেলার চালের মূল্য আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। মোটা চালের দাম কেজিপ্রতি ছয় টাকা থেকে আট টাকা বৃদ্ধি পেয়েছে। চালের মোকামে দাম বেড়ে যাওয়ায় স্থানীয় পর্যায়ে দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে এ বিষয়ে এখানে সরকারি কোনো পদক্ষেপ নেই বলে দাবি করেছেন স্থানীয় লোকজন ও মেহেরপুর-২ গাংনী আসনের সাংসদ। এদিকে চালের বাজার নিয়ন্ত্রণে মাঠে নেমেছেন মেহেরপুর-২ গাংনী আসনের সাংসদ মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। তিনি বিভিন্ন বাজার পরিদর্শন ও ব্যবসায়ীদের চালের মূল্য স্থিতিশীল রাখার জন্য অনুরোধ করেন।
জানা গেছে, সারা দেশে করোনাভাইরাস ছড়িয়ে যাবার অজুহাতে স্থানীয় পর্যায়ে মোটা চালের দাম বৃদ্ধি পেয়েছে। এক সপ্তাহ আগে স্বর্ণা (লাল) ৫০ কেজির দাম ছিল ১২৫০ টাকা। বর্তমানে ওই চাল বিক্রি হচ্ছে ১৭৫০ টাকায়। ৫০ কেজি ২৮ জাতের চাল ১৭০০ টাকার স্থলে বিক্রি হচ্ছে ২০০০ টাকায়। অন্যান্য জাতের চালের দাম কেজিপ্রতি দুই থেকে তিন টাকা বেড়েছে। গাংনীর বামন্দি বাজারের সোহেল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সোহেল জানান, চালের বৃহত্তম বাজার কুষ্টিয়ার খাজানগর ও ঝিনাইদহ ডাকবাংলো থেকে চড়া মূল্যে চাল কিনে আনতে হচ্ছে। বহনখরচসহ সেই চাল স্থানীয় পর্যায়ে বিক্রি করতে হয়, ফলে কিছুটা দাম বৃদ্ধি পাচ্ছে। তিনি চালের মোকামগুলোতে সরকারি পদক্ষেপের দাবি জানান। এদিকে চালের বাজার স্থিতিশীল রাখা ও সাধারণ জনগণের প্রতি ব্যবসায়ীদের সহনশীল হবার দাবি জানিয়ে গাংনী ও বামন্দি বাজার পরিদর্শন অব্যাহত রেখেছেন সাংসদ সাহিদুজ্জামান খোকন। তিনি বাজার নিয়ন্ত্রণে সরকারি পদক্ষেপের ব্যাপারে জানান, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান কোনোই পদক্ষেপ নিচ্ছেন না। মূল্যবৃদ্ধিতে জনমনে কোনো অসন্তোষ ও কোনো অঘটন ঘটলে তার দ্বায়ভার ইউএনওকে নিতে হবে।’
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান জানান, ‘আমরা একসঙ্গে কয়েকটি যুদ্ধে জড়িয়ে পড়েছি। একদিকে প্রবাসীদের বুঝিয়ে বাড়িতে থাকা নিশ্চিত করতে হচ্ছে, অন্যদিকে নিত্যপণ্যের দাম বৃদ্ধি, সব মিলিয়ে আমাদের কাজের চাপ অনেক। তারপরও জনমনে অসন্তোষ সৃষ্টি হওয়ায় অসাধু চাল ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য শুক্রবার বন্ধের দিনেও জুমার নামাজের আগে সহকারী কমিশনার (ভূমি) ইয়ানুর রহমান বাজার পরিদর্শনে যান। সে সময় সব দোকানপাট বন্ধ ছিল। আজ (গতকাল) বিকেলে অভিযানে বের হয়ে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
