চুয়াডাঙ্গায় আইসোলেশনে থাকা যুবকের শরীরে করোনা শনাক্ত

আপলোড তারিখঃ 2020-03-20 ইং
চুয়াডাঙ্গায় আইসোলেশনে থাকা যুবকের শরীরে করোনা শনাক্ত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশনে থাকা ইতালি প্রবাসী সাব্বির আহম্মেদের শরীরে করোনাভাইরাস শনাক্ত করেছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটায় চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। এদিকে, গতকাল বিকেলেই রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) একটি টিম চুয়াডাঙ্গায় পৌঁছেছে। জানা যায়, ১৬ মার্চ বেলা ১১টার দিকে সাব্বির আহম্মেদকে হাসপাতালে নিয়ে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখেন। ওই দিনই সাব্বির আহম্মেদ করোনায় আক্রান্ত কি না, তা নিশ্চিত হতে যশোর থেকে আইইডিসিআর-এর একজন প্রতিনিধি চুয়াডাঙ্গা এসে সোয়াব সংগ্রহ করে ঢাকা পাঠান। এরপর গতকাল সাব্বির আহম্মেদের পরীক্ষার রিপোর্ট চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান এক সংবাদ সম্মেলনে সাব্বির আহম্মেদের শরীরে করোনাভাইরাস শনাক্তের তথ্য নিশ্চিত করেন। এদিকে, রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তিন সদস্যবিশিষ্ট একটি টিম গতকাল বিকেল পাঁচটায় চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসে এসে পৌঁছায়। এ টিমের প্রধান হলেন আইইডিসিআরের ফিল্ড এপিডেমিওলজি ট্রেনিং প্রোগ্রাম ফেলো ডা. ওমর কাইয়ুম এবং অপর দুই সদস্য হলেন ফিল্ড এপিডেমিওলজি ট্রেনিং প্রোগ্রাম ফেলো ডা. সালেহীন ও মেডিকেল টেকনোলজিস্ট মামুনুর রশিদ। করোনাভাইরাস শনাক্ত ও আইইডিসিআর টিমের বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান বলেন, গত সোমবার আইইডিসিআরের একজন প্রতিনিধি চুয়াডাঙ্গা এসে সোয়াব সংগ্রহ করে ঢাকা পাঠান। এরপর রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান সাব্বির আহম্মেদের শরীরে করোনাভাইরাস শনাক্ত করেছে। আজ (গতকাল) বিকেলেই ঢাকা থেকে আইইডিসিআরের একটি টিম এখানে এসে পৌঁছেছে। তাঁরা এখানে পৌঁছেই তাঁদের কাজ শুরু করেছে। জানতে পেরেছি, টিমটি সাব্বির আহম্মেদ কোন বিমানে বাংলাদেশে প্রবেশ করেছেন, কোথায়, কখন, কীভাবে চলাচল করেছেন, কোন হোটেলে উঠেছিলেন, ঢাকা থেকে কোন যানে চুয়াডাঙ্গা পৌঁছেছেন, কাদের সংস্পর্শে এসেছেন, এসব তথ্য সংগ্রহ করছে এবং কীভাবে এসব ব্যক্তিদের কোয়ারেন্টাইনে নেওয়া যায় সে ব্যবস্থা করবে টিমটি। এ ছাড়া সাব্বির আহম্মেদ ঢাকা থেকে চুয়াডাঙ্গা আসার পর যাদের সংস্পর্শে ছিলেন, তাদের সবার হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে কাজ করছে। আগামীকাল (আজ) টিমটি সাব্বির আহম্মেদ নিজ এলাকায় আসার পর যাদের সংস্পর্শে এসেছিলেন, তাদের চিহ্নিত করে হোম কোয়ারেন্টাইনে রাখার জন্য আলমডাঙ্গা যাবেন। এ কাজের জন্য টিমটি তিন দিন চুয়াডাঙ্গায় অবস্থান করতে পারে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)