জীবননগরে জমি বিক্রি না করায় অত্যাচার, বৃদ্ধাসহ আহত ২

আপলোড তারিখঃ 2020-03-20 ইং
জীবননগরে জমি বিক্রি না করায় অত্যাচার, বৃদ্ধাসহ আহত ২ ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে জমি বিক্রি করতে রাজি না হওয়ায় গাজী রহমান নামের এক ব্যক্তির বাড়িতে হামলা এবং তাঁর বৃদ্ধা মা মজিদন নেছা (৭০) ও তাঁর ছেলে জাহিদকে (২৫) পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে আকুল মিয়া নামের এক প্রভাবশালী ভাটামালিক ও তাঁর শ্রমিকদের বিরুদ্ধে। গত বুধবার রাত সাড়ে ১১টার সময় জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের দেহাটি বাজারপাড়ায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন ধরে আকুল মিয়ার ইটভাটার শ্রমিকেরা গাজী রহমানের বাড়িতে রাতের আঁধারে ইট ছোড়াসহ পরিবারের সদস্যদের দেখলে অশ্লীল উক্তি করে আসছেন। এ নিয়ে বেশ কয়েকবার আকুল মিয়ার কাছে বলা হলেও তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। গত বুধবার রাত সাড়ে ১১টার সময় আকুল মিয়ার ভাটার এক শ্রমিক গাজী রহমানের বাড়ির বাথরুমের সামনে দাঁড়িয়ে ছিলেন। গাজীর মেয়ে বাথরুমে যাওয়ার সময় তাঁকে দেখে চিৎকার করলে গাজীসহ বেশ কয়েকজন ছুটে এসে তাঁকে আটক করে উত্তমমধ্যম দিয়ে ছেড়ে দেন। পরবর্তীতে আকুল মিয়াসহ তাঁর ইটভাটার শ্রমিকেরা গাজী রহমানের বাড়িতে হামলা করেন এবং তাঁর বৃদ্ধা মা মজিদন নেছা (৭০) এবং তাঁর ছেলে জাহিদকে (২৫) পিটিয়ে রক্তাত্ত জখম করেন। এ সময় স্থানীয় জনগণ তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত বৃদ্ধা মজিদন নেছা অভিযোগ করে বলেন, ‘আমার বাড়ির পাশে আকুল অটো মিল তৈরি করেছে। এ অটো মিলের পাশেই আমার বাড়ি ও ধানের দেড় বিঘা জমি আছে। আকুল ওই জমিগুলো কিনতে চায়। এর আগে জোর করে অল্প টাকা দিয়ে আমার কাছ থেকে ১০ কাটা জমি নেয় সে। এবার সে আমার কাছ থেকে জমি কিনতে চাইলে আমি জমি বিক্রি করতে অপারগতা জানাই। এরপর সে তার ভাটার লেবারদের দিয়ে আমার বাড়িতে হামলা করে এবং বাড়িতে থাকা আমার নাতনিদের দেখে বাজে ভাষায় কথা বলে। বুধবার রাতে আমার নাতনি বাথরুমে যাওয়ার সময় আকুলের ভাটার এক লেবারকে বাথরুমের পাশে দাঁড়িয়ে থাকতে দেখে। এ সময় আমার নাতনি তাকে দেখে চিৎকার করলে আমার ছেলে ওই লেবারকে ধরে রাখে এবং স্থানীয় লোকজনকে ঘটনাটা বললে সবাই তাকে মারধর করে। পরে আকুল মিয়া তার ভাটার লোকজন নিয়ে এসে আমাদের মারধর করে। এ ঘটনায় আমাদের নামেই আবার মিথ্যা মামলা দেওয়ার হুমকি দিচ্ছে আকুল।’ কেডিকে ইউপি চেয়ারম্যান খাইরুল বাশার শিপলু বলেন, ‘মজিদন নেছা ও তাঁর নাতিকে আকুল মিয়ার ইটভাটার শ্রমিকেরা মারধর করেছে, এ বিষয়টি আমি শুনেছি। এর আগে আকুল মিয়ার লোকজন মজিদন নেছার বাড়ির মহিলাদের সঙ্গে বাজে ভাষায় কথা বলত এবং বাড়িতে ইট মারত বলে স্থানীয় লোকজন জানায়। এ বিষয়টি আমি আকুল মিয়াকে আগেও বলেছি, কিন্তু কোনো কাজ হয়নি।’ এ ব্যাপারে আকুল মিয়ার সঙ্গে কথা বললে তিনি বলেন, ‘আমার কোনো লোকজন তার বাড়িতে যায়নি। তারা আমার লোকজনের ওপর মিথ্যা অভিযোগ তুলে মারধর করেছে।’ জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, দেহাটি গ্রামে যে ঘটনা ঘটেছে, এ বিষয়ে দুই পক্ষই অভিযোগ তুলেছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)