ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস:
করোনাভাইরাস প্রতিরোধে ঝিনাইদহ জেলার ৫ উপজেলায় গতকাল বুধবার দুপুর পর্যন্ত ২৭৪ জনকে ‘হোম কোয়ারেন্টাইনে’ রাখা হয়েছে। এদের মধ্যে বিদেশ ফেরত ও তাদের পরিবারের সদস্যরাও রয়েছেন। ইতালি, জার্মানি, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও ভারত থেকে প্রবাসীরা আসার পর তাদের সঙ্গে তার পরিবারের সদস্যদেরকেও ‘হোম কোয়ারেন্টাইনে’ রাখা হয়েছে। ঝিনাইদহ স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ব্যবস্থা গ্রহণ করা হয়। ঝিনাইদহের সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ জাহাঙ্গীর হোসেন বুধবার দুপুরে জানান, গত ১০ মার্চ থেকে ১৮ মার্চ এই ৮ দিনে ঝিনাইদহ সদর উপজেলায় ৬ জন, কোটচাঁদপুরে ১৫ জন, কালীগঞ্জে ১২ জন, শৈলকুপায় ৮ জন ও মহেশপুর উপজেলায় ২৩৩ জনকে ‘হোম কোয়ারেন্টাইনে’ থাকার নির্দেশনা জারি করা হয়েছে।
এদিকে অভিযোগ পাওয়া গেছে, ‘হোম কোয়ারেন্টাইনে’ থাকা মানুষগুলো নিয়ম মানছেন না। বিশেষ করে প্রবাসীরা নিজের ইচ্ছেমতো চলাফেরা করছেন। নজরদারী না থাকায় তারা হোম কোয়ারেন্টাইনের সব নিয়ম ভঙ্গ করে চলাফেরা করে বেড়াচ্ছেন, এমনকি তারা আত্মীয় বাড়িতেও বেড়াতে যাচ্ছেন।
বিষয়টি নিয়ে ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বলেন, ‘বিদেশফেরত ব্যক্তি দেশের মানুষ ও তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তার স্বার্থেই ‘হোম কোয়ারেন্টাইনে’ থাকবেন। স্বাস্থ্য বিভাগের একার পক্ষে এটা মানানো সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন। তবে ঝিনাইদহে এখন পর্যন্ত কোন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হয়নি বলেও তিনি গণমাধ্যমকর্মীদের জানান। এদিকে ইতালি, জার্মানি, স্পেন, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও ভারত থেকে যে সব প্রবাসীরা বাড়ি ফিরছেন তাদের পরিচয় গোপন রাখার কারণে তারা স্বাস্থ্যকর্মী ও প্রশাসনের নজরদারী এড়িয়ে ঘুরে বেড়াচ্ছেন এমন খবর পাওয়া যাচ্ছে।
