ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা:
কার্পাসডাঙ্গা ফাঁড়ির পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিল, প্রাইভেট কারসহ তিনজনকে আটক করেছে। আটক হওয়া ব্যক্তিরা হলেন বাগেরহাট সদর হাড়িখালি গ্রামের শাহাজান আকনের ছেলে দুলাল অকন (৪৩), ফকিরহাট থানার আওড়াডাঙ্গা গ্রামের মৃত ছেকমত আলীর ছেলে রবিউল ইসলাম (৪৩) ও দামুড়হুদা উপজেলার কানাইডাঙ্গা গ্রামের ইউনুচ আলী মণ্ডলের ছেলে মুসলিম উদ্দীন (৪৩)। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে কার্পাসডাঙ্গা মাদ্রাসার সামনে থেকে তাঁদের আটক করা হয়।
পুলিশ জানায়, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে কার্পাসডাঙ্গা ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মেজবাহুর রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) রওশন ফোর্স নিয়ে কার্পাসডাঙ্গা মাদ্রাসার সামনে অভিযান চালান। এ সময় ঢাকা মেট্ট্রো-গ-১২-৭২৫৬ নম্বরের প্রাইভেট কারসহ রবিউল, মুসলিম উদ্দীন ও দুলাল অকন নামের তিনজনকে আটক করেন। পরে তাঁদের প্রাইভেট কার তল্লাশি করে ৪০ বোতল ফেনসিডিল ও নগদ ২০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। দামুড়হুদা মডেল থানায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গতকাল বুধবার দুপুরে তাঁদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
