অভিবাদন, হে শতবর্ষী মুজিব

আপলোড তারিখঃ 2020-03-17 ইং
অভিবাদন, হে শতবর্ষী মুজিব ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: আজ ১৭ মার্চ। বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বছরব্যাপী জন্মশতবার্ষিকী উদযাপন শুরু আজ। আজ মঙ্গলবার জাতীয় শিশু দিবস। ১৯২০ সালের এ দিনে তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার পাটগাতি ইউনিয়নের টুঙ্গিপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শেখ লুৎফর রহমান। মায়ের নাম সায়েরা খাতুন। বাবা শেখ লুৎফর রহমান গোপালগঞ্জ দায়রা আদালতের সেরেস্তাদার ছিলেন। মা সায়েরা খাতুন ছিলেন গৃহিণী। মা-বাবা উভয়েই এলাকায় সজ্জন, পরোপকারী ও পরহেজগার লোক ছিলেন। শেখ লুৎফর রহমানের চার মেয়ে ও দুই ছেলের মধ্যে শেখ মুজিবুর রহমান ছিলেন তৃতীয়। তার সহধর্মিণীর নাম বেগম ফজিলাতুন্নেছা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ সন্তান। শেখ মুজিবুর রহমান ১৯২৭ সালে গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া শুরু করেন। ১৯২৯ সালে গোপালগঞ্জ পাবলিক স্কুলে ভর্তি হন এবং এখানেই ১৯৩৪ সাল পর্যন্ত লেখাপড়া করেন। ১৯৩৭ সালে গোপালগঞ্জের মাথুরানাথ ইনস্টিটিউট মিশন স্কুলে সপ্তম শ্রেণীতে ভর্তি হন। ১৯৩৪ সাল থেকে চার বছর জটিল চক্ষুরোগের অস্ত্রোপচারের কারণে তার লেখাপড়ায় সাময়িক বিরতি হয়। এরপর ১৯৪২ সালে গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকে তিনি ম্যাট্রিকুলেশন পাস করেন। বঙ্গবন্ধুর সারাটি জীবন ছিল সংগ্রামমুখর। ছাত্রজীবন থেকেই তিনি নিপীড়িত মানুষের অধিকার নিয়ে সোচ্চার ছিলেন। তিনি ছিলেন এ দেশের মাটি ও মানুষের জীবন সংগ্রামের প্রতীক। সমাজের কথিত এলিট শ্রেণীর চেয়ে সাধারণ মানুষের কাছে তিনি অধিক জনপ্রিয় ছিলেন। তার গণমুখী ভূমিকা একপর্যায়ে তাকে সব শ্রেণী-পেশার মানুষের নয়নের মণিতে পরিণত করে। বাংলা উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। উপমহাদেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি বাঙালির অধিকার রক্ষায় ব্রিটিশ থেকে স্বাধীনতা আন্দোলন এবং পরবর্তীতে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে কেন্দ্রীয়ভাবে নেতৃত্ব প্রদান করেন। তিনি মওলানা আবদুল হামিদ খান ভাসানী প্রতিষ্ঠিত আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং পরবর্তীতে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। জনসাধারণের কাছে তিনি শেখ সাহেব হিসেবে বেশি পরিচিত ছিলেন এবং তার উপাধি ‘বঙ্গবন্ধু’। ১৯৪৭ সালে ভারত বিভাগ-পরবর্তী তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজনীতির প্রাথমিক পর্যায়ে শেখ মুজিব ছিলেন তরুণ ছাত্রনেতা। জনগণের স্বাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি ১৯৬৬ সালে ৬ দফা স্বায়ত্তশাসন পরিকল্পনা পেশ করেন। ছয় দফা দাবির মধ্যে প্রধান ছিল বর্ধিত প্রাদেশিক স্বায়ত্তশাসন; যার কারণে তিনি জেনারেল আইয়ুব খানের সামরিক শাসনের অন্যতম বিরোধী পক্ষে পরিণত হন। ১৯৬৮ সালে বঙ্গবন্ধু ও তার সহকর্মীদের বিরুদ্ধে ভারত সরকারের সাথে যোগসাজশ ও ষড়যন্ত্রের অভিযোগে বিচার শুরু হয় এবং পরবর্তীতে তিনি নির্দোষ প্রমাণিত হন। ১৯৭০ সালের নির্বাচনে তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ বিপুল বিজয় অর্জন করে। কিন্তু তাকে সরকার গঠনের সুযোগ দেয়া হয়নি। পাকিস্তানের নতুন সরকার গঠন বিষয়ে তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান এবং পশ্চিম পাকিস্তানের রাজনীতিবিদ জুলফিকার আলী ভুট্টোর সাথে শেখ মুজিবের আলোচনা বিফলে যাওয়ার পর ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তান সেনাবাহিনী ঢাকা শহরে গণহত্যা পরিচালনা করে। একই রাতে তাকে গ্রেফতার করা হয় এবং পরবর্তীকালে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। রহিমুদ্দিন খান সামরিক আদালত তাকে মৃত্যুদণ্ড প্রদান করে, তবে তা কার্যকর হয়নি। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ-ভারত যৌথ বাহিনীর কাছে পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করার মধ্য দিয়ে বাংলাদেশ নামে স্বাধীন রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়। ১৯৭২ সালের ১০ জানুয়ারি শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে স্বদেশে প্রত্যাবর্তন করেন এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭২ সালের ১২ জানুয়ারি তিনি সংসদীয় শাসনব্যবস্থা প্রবর্তন করে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। ২০০৪ সালে বিবিসির এক জরিপে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি’ হিসেবে সর্বাধিক ভোটপ্রাপ্ত হন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন শুরু হয়েছিল ১৯৩৯ সালে মিশনারি স্কুলে পড়ার সময়ে। তখন স্কুল পরিদর্শনে এসেছিলেন তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সির মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হক এবং পরবর্তীতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী। স্কুলের ছাদ সংস্কারের দাবি নিয়ে তাদের কাছে যান শেখ মুজিবুর রহমান। ১৯৪০ সালে তিনি নিখিল ভারত মুসলিম ছাত্র ফেডারেশনে যোগ দেন। সেখানে তিনি এক বছর মেয়াদের জন্য নির্বাচিত হন। ১৯৪২ সালে এন্ট্রান্স পাস করার পর কলকাতা ইসলামিয়া কলেজে (বর্তমান মাওলানা আজাদ কলেজ) আইন পড়ার জন্য ভর্তি হন। এই কলেজ থেকেই তিনি সক্রিয়ভাবে ছাত্র রাজনীতি শুরু করেন। ১৯৪৩ সালে তিনি বেঙ্গল মুসলিম লীগে যোগ দেন এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সান্নিধ্যে আসেন। ১৯৪৩ সালে তিনি বঙ্গীয় মুসলিম লীগের কাউন্সিলর নির্বাচিত হন। তিনি কলকাতা ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের জেনারেল সেক্রেটারি নির্বাচিত হন। ১৯৪৭ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন ইসলামিয়া কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন। কলকাতায় ভয়াবহ হিন্দু-মুসলিম দাঙ্গার সময় তিনি সোহরাওয়ার্দীর সাথে বিভিন্ন রাজনৈতিক তৎপরতায় শরিক হন। দেশ বিভাগের পর তিনি ঢাকা ফিরে আসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন। বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি নিয়ে প্রতিষ্ঠিত আন্দোলনে অংশ নেয়ার মাধ্যমে বঙ্গবন্ধুর রাজনৈতিক তৎপরতার সূচনা ঘটে। ১৯৪৮ সালের ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিমউদ্দিন গণপরিষদের অধিবেশনে বলেন, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এই বক্তব্যের বিরুদ্ধে তৎকালীন পূর্ব পাকিস্তানে ব্যাপক গণ-অসন্তোষ দেখা দেয়। এ সময় শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলনে শরিক হন এবং একপর্যায়ে গ্রেফতার হন। ১৯৪৯ সালের ২১ জানুয়ারি শেখ মুজিবকে জেল থেকে মুক্তি দেয়া হয়। জেল থেকে বেরিয়ে তিনি আবার চতুর্থ শ্রেণীর কর্মচারীদের দাবি আদায়ের আন্দোলনে জড়িয়ে পড়েন; যার জন্য তাকে বিশ্ববিদ্যালয় থেকে জরিমানা করা হয়। ১৯৫০ সালের জানুয়ারি মাসের প্রথম দিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের পূর্ব পাকিস্তানে আগমন উপলক্ষে আওয়ামী মুসলিম লীগ ঢাকায় দুর্ভিক্ষবিরোধী মিছিল বের করে। এই মিছিলের নেতৃত্ব দেয়ায় শেখ মুজিব আটক হন। তাকে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়। এ সময় শেখ মুজিবুর রহমান জেলে অনশন শুরু করেন। তার এই অনশন ১৩ দিন কার্যকর ছিল। ২৬ ফেব্রুয়ারি তাকে মুক্তি দেয়া হয়। ১৯৫৩ সালের ৯ জুলাই তিনি পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন শেষে দলের সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন। একই বছরের ১৪ নভেম্বর সাধারণ নির্বাচনে অংশগ্রহণের জন্য অন্যান্য দল নিয়ে যুক্তফ্রন্ট গঠন করেন। ১৯৫৪ সালের ১০ মার্চ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে যুক্তফ্রন্ট ২৩৭টি আসনের মধ্যে ২২৩টিতে বিপুল ব্যবধানে বিজয় অর্জন করে; যার মধ্যে ১৪৩টি আসনই আওয়ামী লীগ লাভ করে। শেখ মুজিব গোপালগঞ্জে বিজয় লাভ করেন। সেখানে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন শক্তিশালী মুসলিম লীগ নেতা ওয়াহিদুজ্জামান। ১৫ মে তাকে কৃষি ও বন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়। ২৯ মে কেন্দ্রীয় সরকার যুক্তফ্রন্ট ভেঙে দেয়। ৩০ মে করাচি থেকে ঢাকা ফেরার পর বিমানবন্দর থেকেই তাকে আটক করা হয়। ২৩ ডিসেম্বর তিনি মুক্তিলাভ করেন। ১৯৫৫ সালের ৫ জুন শেখ মুজিব আইন পরিষদের সদস্য মনোনীত হন। ১৭ জুন আওয়ামী লীগ পল্টন ময়দানে আয়োজিত এক সম্মেলনে ২১ দফা দাবি পেশ করেন, যার মধ্যে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন অন্তর্ভুক্ত ছিল। বঙ্গবন্ধুর সারাজীবনই ছিল আন্দোলন-সংগ্রাম আর জেল জুলুমে ভরা। তৎকালীন পাকিস্তানে এমন একটি কথা প্রচলিত ছিল যে ‘এখানে গাড়ির চাকা পাংচার’ হলেও শেখ মুজিবের বিরুদ্ধে মামলা দেয়া হতো। তার জীবনের বেশির ভাগ সময়ই কেটেছে কারাগারে। বাংলাদেশের কোনো নেতাই তার মতো এত দীর্ঘ সময় কারাগারে কাটাননি। ১৯৭০ সালের নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও তাকে ক্ষমতা দেয়া হয়নি। এমনই এক প্রেক্ষাপটে ১৯৭১ সালের ৭ মার্চ তিনি ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) তার জীবনের সর্বশ্রেষ্ঠ ও ঐতিহাসিক ভাষণ দেন। তিনি বাঙালির স্বাধীনতা সংগ্রামের যুগান্তকারী আহ্বান জানান। তৎকালীন পাকিস্তানের এ অংশে শুরু হয় বাঙালির স্বাধীনতা সংগ্রাম। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীনতা লাভ করলে ১৯৭২ সালের ১০ জানুয়ারি তিনি স্বদেশ প্রত্যাবর্তন করেন। দিনটি উপলক্ষে সরকারিভাবে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ সরকারি ছুটির দিন। আজ থেকে আগামী বছর ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)