ইতালি ফেরত সাব্বির আইসোলেশন ইউনিটে

আপলোড তারিখঃ 2020-03-17 ইং
ইতালি ফেরত সাব্বির আইসোলেশন ইউনিটে ছবির ক্যাপশন:
করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে আলমডাঙ্গার যুবককে হাসপাতালে ভর্তি নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে সাব্বির আহমেদ (২৯) নামের ইতালি ফেরত এক যুবককে সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে সাব্বির আহমেদকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখেন। সাব্বির আহমেদ বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে আইসোলেশন ইউনিটে রয়েছেন। তিনি করোনাভাইরাস আক্রান্ত কি না, তা নিশ্চিত হতে গতকালই যশোর থেকে আইইডিসিআর-এর একজন প্রতিনিধি এসে সোয়াব সংগ্রহ করে তা ঢাকা পাঠিয়েছেন। সাব্বির আহমেদ আলমডাঙ্গা উপজেলার থানাপাড়ার আশাদুল ইসলামের ছেলে ও ইতালি প্রবাসী। জানা যায়, চলতি মাসের ১২ তারিখ সাব্বির আহমেদ দীর্ঘদিন পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশে প্রবেশ করেন। সাব্বির আহমেদসহ তাঁর গোটা পরিবার ইতালি প্রবাসী। তাঁর বাবা-মা গত দুই বছর আগে দেশে ফিরেছেন। সাব্বিরের বাবা আশাদুল ইসলাম জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে ছাড়পত্র দেওয়া হয়। ঢাকাতে দুই দিন অবস্থানের পর ১৪ তারিখ আলমডাঙ্গাতে পৌঁছান সাব্বির আহমেদ। ওই দিন থেকেই ঠাণ্ডা, কাশি, গলাব্যাথাসহ জ্বরে আক্রান্ত হন তিনি। পরে তাঁকে বাড়ির পৃথক একটি কক্ষে রাখা হয়। এরই মধ্যে বিষয়টি জানাজানি হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তবে তিনি দাবি করেন, সাব্বিরের শরীরে জ্বর-ঠাণ্ডা স্বাভাবিক। এদিকে, গতকালই রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর প্রতিনিধি জামাল উদ্দীন বিকেল পাঁচটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পৌঁছান এবং হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি সাব্বির আহমেদের শরীর থেকে সোয়াব সংগ্রহ করেন। সন্ধ্যা সাতটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের অফিস সহায়ক ওমর ফারুক সোয়াব নিয়ে ঢাকা আইইডিসিআর-এর উদ্দেশে রওনা হন। এ বিষয়ে জানতে চাইলে রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর প্রতিনিধি জামাল উদ্দীন বলেন, সাব্বির আহমেদকে দেখে সাধারণ ঠাণ্ডা-জ্বরে আক্রান্ত বলেই মনে হচ্ছে। শুধুমাত্র এক দিন (১৪ তারিখ) তাঁর সর্বোচ্চ জ্বর ছিল ১০১ ডিগ্রি। তবে তাঁর শরীর থেকে থ্রট সোয়াব ও ন্যসেল সোয়াব সংগ্রহ করে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এ পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফল পেতে দুই থেকে তিন দিনের মতো সময় লাগতে পারে। পরীক্ষার ফলাফল পেলে তাঁর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির জানান, বিশ্বের মধ্যে এখন করোনা আক্রান্তদের সংখ্যা ইতালিতে সবচেয়ে বেশি। সেখানে মারা গেছেন বহুসংখ্যক মানুষ। সেই ইতালি থেকে দেশে ফিরে ঠাণ্ডা-জ্বর ও কাশিতে সাব্বির আহমেদের আক্রান্ত হওয়ার খবরে পেয়ে দ্রুত আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়াউদ্দীন সাঈদকে পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নির্দেশনা পেয়ে ডা. হাদী জিয়াউদ্দীন ওই যুবককে সোমবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করান। চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান জানান, হাসপাতালের করোনাভাইরাস আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে ওই যুবককে। স্বাস্থ্যপরীক্ষা করতে যশোর থেকে আইইডিসিআর-এর একজন প্রতিনিধি চুয়াডাঙ্গায় এসে তাঁর সোয়াব সংগ্রহ করেছেন। গতকাল রাতেই সোয়াব পরীক্ষা-নিরীক্ষার জন্য আইইডিসিআর রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার ফলাফল পেলে মূলত নিশ্চিত হওয়া যাবে সাব্বির আহমেদ করোনা আক্রান্ত হয়েছে কিনা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)