ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধের পশ্চিম ও পূর্ব পাশের জমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মুজিবনগর এলাকাবাসী। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে শতাধিক নারী-পুরুষ এ কর্মসূচি পালন করে।
মানববন্ধনে ভূক্তভোগীরা বলেন, সরকার মুজিবনগর কমপ্লেক্সের পাশে প্রায় ৫০ একর জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। যেখানে প্রায় ১৫০টি পরিবারের বসবাস করে। এ জমি অধিগ্রহণের ফলে তাঁরা গৃহহীন হয়ে পড়বেন এবং ন্যায্যমূল্য থেকেও বঞ্চিত হবেন। জমি অধিগ্রহণ না করার দাবি তাঁদের। ভূক্তভোগীরা আরও বলনে, ‘ভবরপাড়া মৌজার মুজিবনগর স্মৃতিসৌধের ১ নম্বর গেটে পশ্চিম ও পূর্ব উভয় পাশে বসবাসরত জনসাধারণের জমি অধিগ্রহণ করা হয়েছে। গত ১৪ হঠাৎ করে আমাদের ঘর-বাড়িসহ জমি-জায়গা অধিগ্রহণ করার জন্য সার্ভে করতে আসেন এবং মাপযোগ করে নিয়ে যান। কয়েকদিনের মধ্যে অধিগ্রহণ সংক্রান্ত নোটিশ আসবে বলে অবগত করে কর্তৃপক্ষ। আমাদের ঘরবাড়ি জমি-জায়গা হারিয়ে কোথায় যাব, কোথায় থাকব, এই নিয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন গরীব মানুষের জন্য ঘরবাড়ি নির্মাণ করে দিচ্ছেন, ঠিক তখন আমাদের ঘরবাড়ি জমি-জায়গা হারাতে হচ্ছে। আমাদের একটাই দাবি, আমাদের বসতবাড়ি জমি-জায়গা অধিগ্রহণ না করার জন্য প্রধানমন্ত্রীর নিকট বিনীতভাবে অনুরোধ করছি।’
মানববন্ধনে অংশগ্রহণকারীদের মধ্যে বক্তব্য দেন সিহাব উদ্দিন, বিমান মল্লিক, ইসার উদ্দিন, শিরিনা আক্তার, নাজমা আক্তার প্রমুখ। মানববন্ধন শেষে মুজিবনগর এলাকার গ্রামবাসীরা তাঁদের দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। অতিরিক্ত জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান স্মারকলিপি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এদিকে, আরডিসি ডা. মিনহাজুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর প্রুতিশ্রুতিতে যে এক হাজার কোটি টাকা বরাদ্দ, সেই লক্ষে সরকারি পরিপত্রে জমি অধিগ্রহণের কথা বলা হয়েছে। সেই অনুযায়ী মাপযোগ চলছে। জমির সম্ভাব্য মূল্য যাচাই-বাছাই করা হবে। সরকারি নিয়ম মেনেই জমি অধিগ্রহণ করা হবে বলেও তিনি জানান।
