ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় জেলা পুলিশের আয়োজনে মুজিববর্ষ উপলক্ষে কাবাডি প্রতিযোগিতা
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গায় জেলা পুলিশের আয়োজনে মুজিব শতবর্ষ উপলক্ষে কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার সকাল নয়টায় চুয়াডাঙ্গা টাউন ক্লাব ফুটবল মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম। ‘মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ স্লোগানে দিনভর চুয়াডাঙ্গা জেলার পাঁচটি থানার কাবাডি খেলোয়াড়দের নিয়ে এ কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বেলা তিনটায় প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম।ৎ
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাসের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান, দর্শনা থানার ওসি মাহাবুব, দামুড়হুদা থানার ওসি আব্দুল খালেক, আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবীর, জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য সুরেশ কুমার আগরওযালা পিণ্টু, শহীদুল কদর জোয়ার্দ্দার, হাফিজুর রহমান হাপুসহ আমন্ত্রিত অতিথিরা।
কাবাডি খেলাগুলো পরিচালনা করেন ইসলাম রকিব, ওবায়দুল হক, ফিরোজ উদ্দিন, আব্দুল হাই, মেহেরুল্লাহ মিলু, ফজলুল হক ও মিল্টন রহমান। প্রতিযোগিতার ফাইনালে নবগঠিত দর্শনা ৩০-২৯ পয়েন্টে দামুড়হুদা থানাকে পরাজিত করে জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দর্শনা থানার সর্বপ্রথম ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব হোসেন কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় সব খেলোয়াড় কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন।
