ছবির ক্যাপশন:
করোনাভাইরাস প্রতিরোধে দর্শনা সীমান্তে ভারতীয় নিষেধাজ্ঞার দ্বিতীয় দিন
ওয়াসিম রয়েল:
করোনাভাইরাস প্রতিরোধে ভারত সরকার ১৪ মার্চ বিকেল থেকে দর্শনার জয়নগর চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী বাংলাদেশি যাত্রীদের যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা জারি করলেও বাংলাদেশ সরকারের কোনো নিষেধাজ্ঞা না থাকায় পাসপোর্টধারী ভারতীয় যাত্রীরা ভারত-বাংলাদেশে যাতায়াত করছে। নিষেধাজ্ঞার পর এ পর্যন্ত গত শনিবার ও গতকাল রোববার ২৩ জন পাসপোর্টধারী ভারতীয় যাত্রী বাংলাদেশে প্রবেশ করেছেন। এ ছাড়া নেপালের পাসপোর্টধারী ১ জন নাগরিক বাংলাদেশে প্রবেশ করেছেন বলেও নিশ্চিত করেন দর্শনার জয়নগর চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম রাশেদ।
দর্শনা জয়নগর আন্তর্জাতিক চেকপোস্টের ইমিগ্রেশন কর্র্তৃপক্ষ জানায়, ‘গতকাল রোববার ১০৭ জন ভারতীয় নাগরিক বাংলাদেশ থেকে ভারতে ফিরেছেন। এ ছাড়া ভারতে অবস্থানরত ৭৮১ জন বাংলাদেশি নাগরিক ভারত থেকে বাংলাদেশে ফিরেছেন।
একাধিক সূত্র জানিয়েছে, বাংলাদেশ ও ভারতের দিল্লিতে করোনা রোগী শনাক্ত হওয়ার পর ভারত সরকার বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীদের ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করায় ১৪ মার্চ থেকে কোনো বাংলাদেশি যাত্রীকে দর্শনার জয়নগর চেকপোস্ট ইমিগ্রেশন থেকে ভারতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, অথচ ভারত থেকে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে প্রবেশে ইমিগ্রেশন থেকে কোনো বাধা দেওয়া হচ্ছে না। এভাবে ভারতীয় নাগরিকেরা বাংলাদেশে প্রবেশ করলে যেকোন সময় করোনা ভাইরাস বেনাপোল দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তা ছাড়া গত শনিবার ভারতের বনগাঁ শহরে করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে, এমন সংবাদ বের হলে যশোরের বেনাপোল চেকপোস্ট ও দর্শনার জয়নগর চেকপোস্ট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দর্শনা জয়নগর আন্তর্জাতিক চেকপোস্টের ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) রাশেদ বলেন, ভারতীয় পাসপোর্টধারী যাত্রীদের প্রবেশে বাংলাদেশ সরকারের কোনো নিষেধাজ্ঞা না থাকায় তাদেরকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। সরকারের নির্দেশনা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, করোনা ভাইরাস শনাক্তকরণ ও সচেতনতায় দর্শনা চেকপোস্টে ১৫ সদস্যের একটি মেডিক্যাল টিম কাজ করছে। ভারত থেকে যারা এদেশে আসছেন, করোনাভাইরাস প্রতিরোধে গঠিত মেডিকেল টিম তাদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালাচ্ছে। হ্যান্ড স্ক্যানার দিয়ে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তবে এ সীমান্তে এখন পর্যন্ত কোনো করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়নি।
উল্লেখ্য, একটি প্রজ্ঞাপনের আলোকে দর্শনা চেকপোস্ট ইমিগ্রেশনকে জানানো হয়, ১৪ মার্চ বিকেলের পর থেকে নতুন কোনো পাসপোর্টধারী বাংলাদেশি যাত্রী ভারতে প্রবেশ করতে পারবেন না। তবে যেসব পাসপোর্টধারী বাংলাদেশি যাত্রী ভারতে আছেন, তারা বাংলাদেশে ফিরতে পারবেন। তবে জাতিসংঘ, কূটনৈতিক, অফিসিয়াল, আন্তর্জাতিক সংস্থা ও হাইকমিশনারের বিশেষ সুপারিশপ্রাপ্ত যাত্রীরা দুদেশের মধ্যে যাওয়া-আসা করতে পারবেন।
