ভুয়া সাংবাদিক আটক, মুচলেকায় মুক্তি

আপলোড তারিখঃ 2020-03-16 ইং
ভুয়া সাংবাদিক আটক, মুচলেকায় মুক্তি ছবির ক্যাপশন:
প্রেমের প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রীকে নিয়ে পালানোর সময়
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগরের আন্দুলবাড়ীয়ায় প্রেমের প্রলোভন দেখিয়ে মোটরসাইকেলযোগে এক স্কুলপড়ুয়া ছাত্রীকে নিয়ে পালানোর সময় স্থানীয় জনতার হাতে এক ভুয়া সাংবাদিক আটক হয়েছেন। আটকের ৪ ঘণ্টা পর পবিবারের সদস্যদের কাছ থেকে মুচলেকা নিয়ে মুক্তি দেওয়া হয় তাঁকে। গতকাল রোববার সকাল ৯টায় আন্দুলবাড়ীয়া বাজার, আনসারবাড়ীয়া রেলওয়ে স্টেশন ও আন্দুলবাড়ীয়া কলেজ রোডে অবস্থিত আরআরএফ সমৃদ্ধি কর্মসূচির আন্দুলবাড়ীয়া ইউনিট অফিসের সামনে ওই ভুয়া সাংবাদিক ও স্কুলছাত্রী দীর্ঘ সময় ঘোরাফেরা করায় স্থানীয় জনতার সন্দেহ হলে তাঁরা আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তারকে বিষয়টি অবগত করেন। ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই ভুয়া সংবাদিক ও স্কুলছাত্রীকে আটক করে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতরুজ্জামানের হাতে তুলে দেন। ভুয়া সাংবাদিকের নাম আব্দুল্লাহ আল মামুন ওরফে অন্তর। তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের রংপুর গ্রামের মতিয়ার রহমানের পুত্র ও আলমডাঙ্গার হারদী মীর শামসুল ইসলাম পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
জানা গেছে, গতকাল দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার সাংবাদিক পরিচয় দানকারী ভুয়া সাংবাদিক অন্তর (২১) প্রেমের প্রলোভন দেখিয়ে ফুঁসলিয়ে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয় জনতার সন্দেহ হলে তাঁরা আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তারকে এ বিষয়টি অবগত করেন। ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাঁদেরকে আটক করে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতরুজ্জামানের হাতে তুলে দেন। এরপর বিদ্যালয়ের একটি রুমে তাঁকে আটকে রাখে বিদ্যালয় কর্তৃপক্ষ। এ ঘটনা নিয়ে দুপুর ১২টায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মীর মকলেচুর রহমান টজো, প্রধান শিক্ষক ফাতরুজ্জামান, ম্যানেজিং কমিটির সদস্য মির্জা হামিদুর রহমান শিলন, শেখ শহিদুল ইসলাম ও বিদ্যোৎসাহী সদস্য শেখ ফিরোজ আহাম্মেদ এক জরুরি বৈঠকে বসেন। বৈঠক শেষে ব্যাপক জিজ্ঞেসাবাদ করা হয় ভুয়া সাংবাদিক অন্তরকে। এ সময় অন্তর নিজের দোষ স্বীকার করেন। পরে বিদ্যালয়ের সভাপতি মীর মকলেচুর রহমান টজো, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতরুজ্জামান মুচলেকা নিয়ে ওই ভুয়া সাংবাদিক ও স্কুলছাত্রীকে তাঁদের নিজ নিজ পরিবারের সদস্যদের জিম্মায় তুলে দেন। তবে এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ভুয়া সাংবাদিক অন্তরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন।
এ ব্যাপারে দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার বার্তা সম্পাদক হুসাইন মালিকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আব্দুল্লাহ আল মামুন ওরফে অন্তর নামের কোনো সাংবাদিক দৈনিক সময়ের সমীকরণ পত্রিকায় কর্মরত নেই। দৈনিক সময়ের সমীকরণ-এর নাম ভাঙিয়ে কেউ বা কোনো ব্যক্তি যদি অপরাধ করেন, তা হলে পত্রিকা কর্তৃপক্ষ কোনাভাবে দায়ী নয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)