ছবির ক্যাপশন:
করোনাভাইরাস সচেতনতায় লিফলেট বিতরণকালে ডা. মাহবুব হোসেন মেহেদী
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবারকল্যাণবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী নিজ উদ্যোগে করোনাভাইরাসের সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন। গতকাল শনিবার বিকেল পাঁচটায় চুয়াডাঙ্গা হাসপাতাল রোড, হাসপাতাল মোড়, কলেজ রোড, সিনেমা হল রোড, বেলগাছি রেলগেটসহ শহরের বিভিন্ন স্থানে তিনি এ সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণকালে ডা. মাহবুব হোসেন মেহেদী বলেন, ‘করোনাভাইরাস নিয়ে পুরো বিশ্ব মারাত্বক সংকটে পড়েছে। এই ভাইরাস অত্যন্ত প্রভাব ফেলেছে। কিন্ত এর মৃত্যুর পরিমাণ অনেক কম। এর আগেও মানুষ অনেক ভাইরাসের মোকাবিলা করেছে। স্বাস্থ্য সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। বিশেষ করে পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং হাঁচি ও কাশির বিষয়ে সর্বদা যত্ববান হতে হবে।’ তিনি বলেন, ‘করোনা বিষয়ে সরকারের সদিচ্চা এবং আন্তরিকতা রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে এই বিষয়টি মনিটরিং করছেন। প্রধানমন্ত্রী দেশবাসীকে করোনাভাইরাসকে সাহসিকতার সঙ্গে মোকাবিলার আহ্বান জানিয়েছেন। আজ আমাদের প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সবাইকে সচেতন হতে হবে এবং করোনা বিষয়ে আতঙ্কিত না হয়ে সবার সম্মিলিত প্রচেষ্ঠায় চিকিৎসকের পরামর্শকে গ্রহণ করে জীবনযাপন করতে হবে।’ প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী আরও বলেন, ‘করোনাভাইরাসের কারণে আপনারা আতঙ্কিত না হয়ে, সচেতন থাকবেন। যে যে কাজগুলো করলে তার মাধ্যমে এ রোগ ছড়ায় সে কাজ করবেন না। যেখানে সেখানে কফ, থুতু ফেলবেন না। হাঁচি, কাশি দিলে রুমাল বা টিস্যু ব্যবহার করবেন। নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন।’
লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন, জেলা কৃষক লীগের সহসভাপতি আক্তারুজ্জামান, জেলা কৃষক লীগের আইনবিষয়ক সম্পাদক আব্দুল খালেক, দপ্তর সম্পাদক ফজলুর রহমানসহ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
