নিজস্ব প্রতিবেদক:
কুষ্টিয়ায় দুই ট্রাকের সংঘর্ষে সুজন নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। এতে অন্য ট্রাকচালক ও তাঁর সহকারী আহত হন। গতকাল বৃহস্পতিবার সকাল নয়টার দিকে কুষ্টিয়া-খুলনা মহাসড়কের লক্ষীপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়ীয়া এলাকার কাবিল হোসেনের ছেলে সুজন (৩২)। সুজনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলী সাজ্জাদ জানান, কুষ্টিয়া থেকে ঝিনাইদহগামী চাল বোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সার বোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চাল বোঝাই ট্রাকচালক সুজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত সার বোঝাই ট্রাকচালক পান্না হোসেন ও তাঁর সহকারী রানা আহমেদকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বিকেলে সুজনের মরদেহ নিজ গ্রাম গাড়াবাড়ি আসলে নেমে আসে শোকের ছায়া। একমাত্র ছেলে তাঁর পিতাকে হারিয়ে যেন দিশেহারা। গতকাল মাগরিবের নামাজের পর জানাজা শেষে গ্রামের কবরস্থানে সুজনের দাফনকার্য সম্পন্ন করা হয়।
এদিকে, এ ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গেলে সংবাদকর্মীদের সঙ্গে অসদাচারণ করেন নিহতের খালাত ভাই উজ্জ্বল। এ খবর পত্রিকায় না প্রকাশ করতেও হুমকি দেন তিনি। উজ্জ্বল বলেন, ‘সুজনের মরদেহ কুষ্টিয়া থেকে নিয়ে আসার জন্য সব কার্যক্রম চুয়াডাঙ্গা পৌর মেয়র করেছেন। ওসব নিউজ করে কোনো লাভ নেই।’
চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন, উজ্জ্বল নামের একটা ছেলে ফোন দিয়েছিল নিহতের ব্যাপারে। তবে ছেলেটা কে আমি সঠিক জানি না। সংবাদকর্মীদের সঙ্গে অসদাচারণের জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।
