ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইংরেজি বিভাগের ম্যাগাজিন ‘নির্ঝর’-এর মোড়ক উম্মোচন
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইংরেজি বিভাগের চতুর্থ ম্যাগাজিন ‘নির্ঝর’-এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইংরেজি বিভাগের সেমিনার কক্ষে এক আড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্ঝরের মোড়ক উম্মোচন করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের আলোকিত মানুষ হওয়ার আহ্বান জানিয়ে উপাধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদ বলেন, ‘এ ম্যাগাজিন যেমন ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সাহিত্যচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ঠিক তেমনি নতুন লেখক হতেও সাহায্য করবে। আমি যখন ঢাকা কলেজের প্রভাষক ছিলাম, তখন লাইব্রেরিতে বেশ পুরোনো একটা ম্যাগাজিন দেখেছিলাম। সেখানে দেখি, এখনকার সময়ের সব থেকে জনপ্রিয় লেখক কবি নির্মলেন্দু গুণসহ চারজনের লেখা আছে। তাঁরা এক সময় ঢাকা কলেজের ইন্টারমিডিয়েটের ছাত্র ছিল। ছোট থেকে সাহিত্যচর্চা, লেখালেখি করায় আজ তাঁরা সাহিত্যে সবোর্চ্চ শেখরে। দেশের গর্ব। একদিন এই বিভাগের শিক্ষার্থীরাও অনেক বড় হবে, তোমরাই এক দিন বড় লেখক হবে। চর্চাটাকে চালিয়ে যেতে হবে। মনে রাখতে হবে, তোমাদের মধ্যে বহু প্রতিভা লুকায়িত আছে, সেগুলিকে চর্চার মাধ্যমে বিকশিত করতে হবে। আজকের লেখায় এক দিন ভবিষ্যতে বহু পুরোনো স্মৃতি হয়ে থাকবে। এক সময় এই লেখা হাতে নিয়ে কলেজ তথা ছাত্রজীবনের কত কথায় না মনে পড়বে।’ এ সময় তিনি আরও বলেন, ‘দেশ ও জাতির কল্যাণে নিবেদিত হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা মেধাবী, তোমরা চুয়াডাঙ্গা সরকারি কলেজের মুখ উজ্জ্বল করবে।’
অনুষ্ঠানে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক খন্দকার রোকনুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক সফিকুল ইসলাম, কবি অমিতাভ মীর, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আজিমদ্দিন, প্রভাষক আব্দুর রতন ও মাহমুদুল হাসান।
