দামুড়হুদায় সৌদি ফেরত নারীকে নিয়ে গুজব!

আপলোড তারিখঃ 2020-03-11 ইং
দামুড়হুদায় সৌদি ফেরত নারীকে নিয়ে গুজব! ছবির ক্যাপশন:
কেউ কেউ বাড়াবাড়ি করছেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই : ডিসি নজরুল ইসলাম নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদায় জ্বর-কাশি আক্রান্ত সৌদিফেরত ৬৫ বছর বয়সী এক নারীকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ওই নারীর পরিবারের সদস্যরা জানান, তিনি দেড় মাস আগে সৌদি আরবে ওমরাহ হজ পালন করতে যান। ২৫ দিন আগে তিনি দেশে ফেরেন। এক সপ্তাহ ধরে তিনি জ্বর, সর্দি, কাশি ও গায়ে ব্যথার সমস্যায় ভুগলে গত সোমবার তাঁকে চিকিৎসকের পরামর্শে বাড়িতে বিশেষ যত্নে রাখা হয়। কিন্তু বিকেল থেকে গ্রামে গুজব ছড়িয়ে পড়ে, ওই বৃদ্ধা করোনাভাইরাসে আক্রান্ত। এলাকার লোকজন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় হাসপাতাল ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে বৃদ্ধাকে গ্রাম থেকে সরিয়ে নিতে বলেন। উদ্ভূত পরিস্থিতিতে একটি প্রতিনিধিদল গতকাল মঙ্গলবার সকালে ওই নারীকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসেন। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তা ডা. মুকবুল হোসেন বলেন, ‘ওই নারী গত মাসে সৌদি আরব থেকে ওমরাহ হজ শেষে ভারত গমন করে দেশে ফেরেন। আবহাওয়া পরিবর্তনজনিত কারণে জ্বর, ঠাণ্ডা ও কাশি হলে প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বাড়ি ফেরেন। কিন্তু ওই বৃদ্ধার গ্রামে করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়লে ওনাকে আমরা চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসি। তবে আবহাওয়া পরিবর্তনজনিত কারণে জ্বর-কাশি, নাকি করোনা ভাইরাস, তা সনাক্তের জন্য নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান তিনি। চিকিৎসাকেন্দ্রের একজন জানান, ‘করোনাভাইরাস বিষয়ে সর্বশেষ গাইডলাইন অনুযায়ী বিদেশ থেকে আসার ১৪ দিনের মধ্যে তা ধরা পড়ার কথা। অথচ, এ ক্ষেত্রে তা হয়নি। যে কারণে বাড়িতে বিশেষ কোয়ারেন্টাইনে রাখার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু, এলাকাবাসীর চাপে তাঁকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।’ চুয়াডাঙ্গা জেলা প্রশাসক (ডিসি) মো. নজরুল ইসলাম সরকার বলেন, ‘৬৫ বছর বয়সী এক নারীকে নিয়ে এলাকার কেউ কেউ বাড়াবাড়ি করছেন। সর্বশেষ গাইডলাইন অনুযায়ী তাঁকে নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)