উদ্বেগ-আতঙ্কে সারা দেশ

আপলোড তারিখঃ 2020-03-10 ইং
উদ্বেগ-আতঙ্কে সারা দেশ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: বর্তমানে ঢাকায় অবস্থানরত ইতালি থেকে আসা দুই ব্যক্তিসহ তিনজনকে করোনাভাইরাসে আক্রান্ত রোগী হিসেবে গত রোববার চিহ্নিত করার পর উদ্বেগ-আতঙ্কে কাঁপছে গোটা দেশ। ঘনবসতিপূর্ণ এই এলাকায় ভয়াবহ এ রোগ দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে দেশের দুর্বল স্বাস্থ্য ব্যবস্থায় তা কতটা সামাল দেওয়া সম্ভব হবে তা নিয়েও উদ্বিগ্ন সবাই। পাশাপাশি এ রোগের ভয়াবহ বিস্তার ঘটলে উন্নয়নশীল এ দেশের অর্থনৈতিক কাঠামোতে তা কতটা আঘাত হানবে এবং মন্দা সে পরিস্থিতি কাটিয়ে ওঠা আদৌও সম্ভব হবে কি না তা এখন সরকারের পাশাপাশি সাধারণ মানুষের উৎকণ্ঠার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। করোনাভাইরাস নিয়ে দেশব্যাপী ছড়িয়ে পড়া উদ্বেগ আতঙ্কের ঢেউ এরই মধ্যে দেশের কাঁচাবাজার থেকে শুরু করে শেয়ারবাজার পর্যন্ত সর্বত্র ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডও সীমিত হয়ে আসছে। সোমবার দেশের বিভিন্ন স্থানে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপির একাধিক সভা-সমাবেশের কর্মসূচি বাতিল করা হয়েছে। বিয়ে-সাদিসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য পার্টি সেন্টার, কমিউনিটি সেন্টার ও হোটেলের নির্ধারিত অনেক আগাম বুকিংও বাতিল করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে স্বজনের সান্নিধ্যে আসার জন্য সোমবারের ফ্লাইটের টিকিট কেটেও অনেকে তা বাতিল করেছেন। করোনাভাইরাস শনাক্তকরণে বাংলাদেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা দুর্বলতার সুযোগে ওই দুই ইতালিফেরত যাত্রীর (যাদের করোনা শনাক্ত করা হয়েছে) মতো আরও প্রবাসী কিংবা বিদেশি রোগী ইতোমধ্যে দেশে প্রবেশ করেছে কি না তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। করোনা আতঙ্কে সোমবার লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত শেয়ারবাজারের সূচকে টানা পতন ঘটে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রথম ৬ মিনিটের লেনদেনে হারায় ১০০ পয়েন্ট। দিন শেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে কমে ২৭৯.৩২ পয়েন্ট। করোনাভাইরাস আতঙ্কে শেয়ার বাজারের ধস অতীতের যে কোনো রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন পুঁজিবাজারের বিশ্লেষকরা। এদিকে রোববার বিকালে দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের খবর ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মধ্যে যে উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছিল, সোমবার তা যেন আরও ভালোভাবে জেঁকে বসেছে। বিশেষ করে দেশে করোনা আক্রান্ত তিনজনের সংস্পর্শে আসা ৪০ জনকে সোমবার কোয়ারেন্টাইনে নেওয়ার খবর সে ভীতি আরও ভীষণভাবে উসকে দিয়েছে। কেননা ওই ৪০ জন কারা এবং আরও কতজন এদের সংস্পর্শে এসেছিলেন তা এখনো সবার অজানা। তাই এ মরণব্যাধি তাদের মাধ্যমে দ্রম্নত ভয়াবহ আকারে ছড়িয়ে পড়বে কিনা এ আশঙ্কা অনেকের মনে ভর করেছে। গতকাল সোমবার ভোর থেকে দিনভর রাস্তা-ঘাট, নগর পরিবহণ, অফিস-আদালত, ব্যবসাপ্রতিষ্ঠান, কলকারখানা ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সবর্ত্রই উদ্বিগ্ন পরিস্থিত বিরাজ করে। ঢাকা মহানগরীসহ দেশের সবখানেই চাকরিজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থী ও পেশাজীবীসহ সর্বস্তরের মানুষের আলোচনার মূল বিষয়বস্তু ছিল করোনাভাইরাস নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠার নানা কথা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)