ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
মেহেরপুর সদর উপজেলা পর্যায়ে দুর্নীতিবিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শেষ হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে সদর উপজেলা পরিষদের মিলনায়তনে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। ‘দুর্নীতিবিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকা মূখ্য’ বিষয়ের ওপরে বিতর্ক করে মেহেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তাদের প্রতিপক্ষ গোপালপুর মাধ্যমিক বিদ্যালয় রানার্স আপ হয়। সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দলনেতা নুসরাত জেরিন অরিন শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন মেহেরপুর জেলা সাহিত্য পরিষদের সভাপতি নুরুল আহমেদ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা বিনয় কুমার চাকী, একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন, ছহিউদ্দিন ডিগ্রি কলেজের প্রভাষক ডক্টর আলিমুজ্জামান প্রমুখ। উল্লেখ্য, দুর্নীতিবিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় ৫৪টি স্কুলকে পেছনে ফেলে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে মেহেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা।
