রেজিস্ট্রেশনবিহীন ইজিবাইক আর চলবে না

আপলোড তারিখঃ 2020-03-09 ইং
রেজিস্ট্রেশনবিহীন ইজিবাইক আর চলবে না ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা আইনশৃঙ্খলাবিষয়ক কমিটির মাসিক সভায় সিদ্ধান্ত নিজস্ব প্রতিবেদক: চার উপজেলার জন্য নির্ধারিত রং ও নাম্বারিং-এর রেজিস্ট্রেশন না করলে আগামী ৩১ মার্চের পর থেকে চুয়াডাঙ্গায় ইজিবাইক চলতে দেওয়া হবে না। গতকাল রোববার চুয়াডাঙ্গা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শহরে বেশি পরিমাণে ইজিবাইকের কারণে নানা প্রকার সমস্যা হওয়ায় বিষয়টি নিয়ে আলোচনা করে জেলার আইনশৃঙ্খলাবিষয়ক সর্বোচ্চ পর্যায়ের এ কমিটি। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, চার উপজেলার জন্য চারটি ভিন্ন ভিন্ন রং করা হবে। পৌরসভাগুলো এবং উপজেলা থেকে নির্ধারিত পরিমাণ ফি দিয়ে ইজিবাইক রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন বাদে ৩১ মার্চের পর কোনো ইজিবাইক চলতে দেওয়া হবে না। সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, যদি ইজিবাইকের সংখ্যা খুব বেশি হয়ে যায়, তবে নাম্বারিং-এর জোড়-বিজোড় ও সপ্তাহের বার হিসেবে চলার ব্যবস্থা করা হতে পারে। আবার এমনও হতে পারে রং হিসেবে এক উপজেলার গাড়ি অন্য উপজেলায় চলবে না। তবে আগে প্রকৃত সংখ্যা জানার জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হবে। তারপর প্রশাসন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে। জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, শহরের প্রচুর ইজিবাইক। এতো বেশি পরিমাণে ইজিবাইক হওয়ায় যানজটের সমস্যাসহ নানা প্রকার সমস্যা হচ্ছে। তাই নির্ধারিত রং ও রেজিস্ট্রেশন তথা নাম্বারিং অতিদ্রুতই আগামী ৩১ মার্চের মধ্যে বাধ্যতামূলক করতে হবে। এ সময় জেলা প্রশাসক এটি ১ শ শতাংশ বাস্তবায়নের জন্য পৌরসভা ও উপজেলাগুলোকে নির্দেশনা দেন। সভায় চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন, একটি অটোকল্যাণ সোসাইটি নামে সংগঠন বিভ্রান্ত তথ্য ছড়াচ্ছে। ইতিমধ্যে চুয়াডাঙ্গা পৌরসভায় ১২ শ ইজিবাইকের রেজিস্ট্রেশন হয়েছে। আইনশৃঙ্খলাবিষয়ক সর্বোচ্চ পর্যায়ের এ কমিটি যে সিদ্ধান্ত নেবে, সেটি মেনে নিয়ে পৌরসভার ভেতর ইজিবাইক চলার ব্যবস্থা করা হবে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পৌরসভার মধ্যে ৩১ মার্চের পর রেজিস্ট্রেশন বাদে কোনো ইজিবাইক চলবে না।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)