ঝিনাইদহ অফিস:
ভারতের পশ্চিমবঙ্গে ট্রেনের ধাক্কায় ঝিনাইদহের স্কুলশিক্ষক কবির রানা খবিরের (৫১) মৃত্যুর পর এবার চলে গেলেন তাঁর স্ত্রী শাহারা কবির (৪৫)। দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হয়ে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল রোববার দুপুরে তিনি চিকৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বলে তার আত্মীয় আবু সাঈদ জানান।
জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় কলকাতার শিয়ালদাহ স্টেশনে ট্রেনের ধাক্কায় তাঁরা স্বামী-স্ত্রী গুরুতর আহত হন। নিহত শাহারা কবির ঝিনাইদহের শৈলকুপা পৌর এলাকার চর আউশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবির রানার স্ত্রী। পারিবারিক সূত্রে জানা গেছে, চিকিৎসার জন্য কবির রানা গত শুক্রবার বাংলাদেশের দর্শনা স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করেন। ওই দিন সন্ধ্যায় কলকাতার শিয়ালদাহ স্টেশনে প্রচণ্ড ভিড়ের মধ্যে ট্রেনে উঠতে গিয়ে ছিটকে পড়েন। এ সময় স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রী শাহারা কবিরও চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে গুরুতর আহত হন। ট্রেনের ধাক্কায় স্বামী কবির রানা ঘটনাস্থলেই নিহত ও স্ত্রী শাহারা কবির আহত হন। কবির রানার জামাই ইসরাফিল জানান, তাঁর শ্বশুর কিছুদিন আগে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য শাশুড়ির সঙ্গে শুক্রবার ভারতে যান। এই দম্পত্তির একমাত্র সন্তান ফিরোজ আহম্মেদ সরকারের কাছে তাঁর পিতা-মাতার মৃতদেহ দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
চর আউশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, নিহত কবির রানা কিছুদিন পরেই অবসরে যাওয়ার কথা। স্বামী-স্ত্রীর মৃত্যুর খবরে স্কুল ও শৈলকুপার চর আউশিয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের ভাতিজা রবিউল ইসলাম সাবু জানান, আজ সোমবার তাঁর চাচা কবির রানার লাশ ফেরত আসার কথা ছিল। এর মধ্যে রোববার দুপুরে তাঁর চাচির মৃত্যুর খবর পাওয়ায় এলকায় শোকের ছায়া নেমে এসেছে।
