করোনা প্রতিরোধে চেকপোস্টে নিরাপত্তা জোরদারের নির্দেশ

আপলোড তারিখঃ 2020-03-09 ইং
করোনা প্রতিরোধে চেকপোস্টে নিরাপত্তা জোরদারের নির্দেশ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় জেলা প্রশাসক নজরুল ইসলাম মেহেরাব্বিন সানভী: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেছেন, ‘এখন সবকিছুই দৃশ্যমান। আমরা প্রতিনিয়তই ভালোর দিকে এগোচ্ছি। আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন অনেক ভালো। সবাই মিলে নিজের নিজের কাজ নিজ নিজ স্থান থেকে দায়িত্বশীলতার সঙ্গে করলে আমরা আরও ভালো করব। মুজিববর্ষে আমাদেরকে মাথায় রাখতে হবে, কোথাও যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।’ গতকাল রোববার চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এসব কথা বলেন। সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশে বলেন, চুয়াডাঙ্গার কোথাও কোনো নদী দখল থাকবে না। নদীতে কোমর বাধ দেওয়া যাবে না। নদী উন্মুক্ত থাকবে, সবাই মাছ ধরবে। তিনি বলেন, মাটি কেটে ইটভাটায় নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। মাটি নিয়ে যাওয়ার সময় রাস্তা নষ্ট করে ফেলছেন ইটভাটার মালিকেরা। রাস্তায় মাটি পড়লে সেই ভাটা বন্ধ করে দিতে হবে। পরিস্কার-পরিচ্ছন্ন রাস্তা প্রয়োজন। পরিবেশের ক্ষতি করা যাবে না। মুজিববর্ষ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলাকে পরিচ্ছন্ন জেলা হিসেবে ঘোষণা করা হবে। তাই সবাইকে সচেতন হতে হবে। শুধুমাত্র ক্লিনারদের মাধ্যমে পরিষ্কার রাখা সম্ভব না। পরিষ্কার-পরিচ্ছন্ন জেলা গড়ে তোলার জন্য দায়িত্ব নিয়ে প্রত্যেককে কাজ করতে হবে। বিজিবির অধিনায়কের দৃষ্টি আর্কষণ করে জেলা প্রশাসক বলেন, চেকপোস্টে করোনা ভাইরাস প্রতিরোধে মনিটরিং সেল আছে। তারা পরীক্ষা-নিরীক্ষা করছে। কিন্তু যদি কেউ অবৈধভাবে ঢুকে পড়ে, সে জন্য নিরাপত্তা জোরদার করতে হবে। প্রয়োজনে রেডএলার্ট জারি করতে হবে। অবৈধ অনুপ্রবেশ একটিও যেন না হয়। জেলা শিক্ষা কর্মকর্তার উদ্দেশে নজরুল ইসলাম সরকার বলেন, ‘গাইড বইয়ের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। কোনোভাবেই গাইড বই কিনতে বাধ্য করা যাবে না। আমরা এতো বাল্যবিবাহ বন্ধ করি, তবে স্কুলের শিক্ষক-পরিচালনা কমিটির কাছ থেকে কখনো তথ্য পাইনি। বাল্যবিবাহ প্রতিরোধে সব প্রতিষ্ঠানে একটি করে কমিটি করেন। তাদের কাছ থেকে যাতে তথ্য পাওয়া যায়। যাঁরা বাল্যবিবাহের তথ্য দেবেন, তাঁদের পরিচয় গোপন করা হবে।’ এ সময় তিনি শিক্ষা কর্মকর্তা ও ইউএনওদের ধন্যবাদ দিয়ে বলেন, এবারের এসএসসি পরীক্ষায় প্রত্যেক কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো গেছে। এটা খুবই ভালো বিষয়। পর্যায়ক্রমে সব শ্রেণিকক্ষে সিসিটিভি বসাতে হবে। এ সময় তিনি শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন, জেএসসি পরীক্ষার পর থেকে এসএসসি পরীক্ষা পর্যন্ত যতগুলো শিক্ষার্থী ঝরে গেছে, তাদের তালিকা তৈরি করে আগামী সভার আগেই দেওয়ার জন্য। বাল্যবিবাহের বিষয়ে কাজি সমিতির সভাপতিকে বলেন, ‘যদি কাজির সহকারী থাকে, তাহলে কাজিকে শাস্তি দেওয়া হবে। মুজিববর্ষে একটিও বাল্যবিবাহ দেওয়া যাবে না।’ সভায় চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘মাদক এবং বাল্যবিবাহের ক্ষেত্রে পুলিশ সর্বদা সতর্ক। যেভাবেই হোক বাল্যবিবাহ ও মাদক শূন্যের কোটায় আনতে হবে। বাংলাদেশ পুলিশ অনেক এগিয়ে গেছে। এখন পুলিশ জনতার। এখন পুলিশকে কেউ গালি দেয় না। পুলিশ মানুষের বন্ধু হয়েছে। বাংলাদেশ পুলিশের সুনাম করছে বিদেশিরা। আমরা নিজের বুকের রক্ত দিয়ে কাজ করছি। জনগণকে শান্তিতে ঘুমাতে দিচ্ছি। এ দেশের ভালোর জন্য সব করব। আপনাদের সহযোগিতা চাই।’ সভায় চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে আমাদেরও কঠোর নির্দেশনা আছে। আমরা সবোর্চ্চ চেষ্টা করছি সব প্রকার চোরাচালান বন্ধ করতে। মাদক ব্যবসায়ীদের ধরলে সব বন্ধ হবে। তাই প্রমাণসহ আমরা মাদক ব্যবসায়ীদের আটক করছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, কাউকে ছাড় দেব না।’ সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন, পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামিম কবির, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম, এনএসআইয়ের উপপরিচালক জামিল সিদ্দিক, জেলা জজ আদালতের পিপি বেলাল হোসেনসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)