ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস:
ভারতের পশ্চিমবঙ্গে ট্রেনের ধাক্কায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার স্কুলশিক্ষক কবির রানা ওরফে খবির (৫১) নিহত হয়েছেন। এ সময় আহত হন তাঁর স্ত্রী শাহারা কবির। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সন্ধ্যায় কলকাতার শিয়ালদাহ স্টেশনে। নিহত কবির রানা ধৈলকুপা পৌর এলাকার চর আউশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও একই গ্রামের মৃত ছানারুদ্দিন বিশ^াসের ছেলে। গত শুক্রবার রাতেই পশ্চিমবঙ্গের যাদবপুর জিআরপি থানার পুলিশ দুর্ঘনার খবর তাঁর পরিবারকে জানিয়েছে। চিকিৎসার জন্য কবির রানা শুক্রবার সকালে বাংলাদেশের দর্শনার গেদে স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করেন।
নিহত কবির রানার জামাই ইসরাফিল জানান, তাঁর শ্বশুর কিছু দিন আগে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য শাশুড়ির সঙ্গে শুক্রবার ভারতে যান। ওই দিন রাতেই ভারত থেকে একটি মোবাইল কল আসে তাঁদের কাছে। যাদবপুর জিআরপি থানার পুলিশ পরিচয় দিয়ে জানানো হয় কবির রানা নামের এক ব্যক্তি কলকাতার শিয়ালদাহ স্টেশনে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন এবং তাঁর স্ত্রী শাহারা কবির আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনা শোনার সঙ্গে সঙ্গে তাঁর একমাত্র সন্তান ফিরোজ আহম্মেদ অচেতন অবস্থায় পড়ে আছেন বলে জামাই ইসরাফিল জানান। সরকারের কাছে কবির রানার মরদেহ দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনার দাবি করেছে পরিবারটি। চর আউশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, কবির রানা তাঁর স্কুলের সহকারী শিক্ষক। কিছুদিন পরেই তাঁর অবসরে যাওয়ার কথা। তাঁর মৃত্যুতে স্কুলে শোকের ছায়া নেমে এসেছে।
