ছবির ক্যাপশন:
দর্শনায় প্রবীণদের লাঠি ও ভাতা বিতরণ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আলী মুনসুর বাবু
দর্শনা অফিস:
দর্শনায় প্রবীণদের জীবনমান উন্নয়নে ওয়াকিং স্টিক (লাঠি) ও বয়স্ক ভাতা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ওয়েভ ফাউন্ডেশন ও দর্শনা পৌর প্রবীণ কমিটির আয়োজনে পুরাতন বাজার-সংলগ্ন পৌর প্রবীণ কমিটির অফিস চত্বরে এ লাঠি ও ভাতা বিতরণ অনুষ্ঠিত হয়। দর্শনা পৌর প্রবীণ কমিটির সভাপতি মোশররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনসুর বাবু।
এ সময় উপজেলা চেয়ারম্যান আলী মুনসুর বাবু বলেন, ‘প্রবীণেরা সমাজের বোঝা নন। প্রত্যেক প্রবীণ দেশ ও জাতির জন্য গর্ব। আজ যাঁরা প্রবীণ, অতীতে তাঁরা নবীন ছিলেন। আবার আজ যারা নবীন, আগামীতে তারা প্রবীণ হব। প্রবীণেরা আমাদের কারও বাবা-মা, ভাই-বোন ও দাদা-দাদি। তাই আমাদের সবার উচিত প্রবীণদের সম্মান ও অনুসরণ করা। তাঁদের কাছ থেকে শিক্ষা নিয়ে নিজেদের গড়ে তুলতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন পৌর প্রবীণ কমিটির সাধারণ সম্পাদক হাজি আকমত আলী, দর্শনা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান, অনির্বাণ থিয়েটারের সভাপতি ফজলুল হক, উপদেষ্টা খালেকুজ্জামান, পৌর প্রবীণ কমিটির সহসভাপতি ফজলুল হক, হাসিনা আক্তার টুসি, ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, হাবিবুর রহমান হবি, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম প্রমুখ। আলোচনা অনুষ্ঠান শেষে দর্শনা পৌরসভার ৯টি ওয়ার্ডে ৬০ জন প্রবীণদের মধ্যে লাঠি ও ৫৬ জন প্রবীণদের মধ্যে বয়স্ক ভাতা বিতরণ করা হয়। এ সময় দর্শনা থানার নবাগত ওসি মাহাবুবুর রহমানের পক্ষ থেকে প্রবীণদের মধ্যে ৬০টি প্যাড ও ৬০টি কলম বিতরণ করা হয়।
