ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ সদর উপজেলার কুলবাড়ীয়া গ্রামের মামলার বাদী পক্ষের মারধরে আহাদ আলী নামের এক আসামির মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত আহাদ আলী কুলবাড়ীয়া গ্রামের মৃত মসলেম উদ্দিনের ছেলে। নিহতের বোন জামেনা খাতুন অভিযোগ করেন, গত বৃহস্পতিবার দুপুরে কুলবাড়িয়া বাজারে বসে ছিলেন ধর্ষণচেষ্টা মামলার আসামি আহাদ আলী। এ সময় মামলার বাদী নিছার উদ্দিন লোকজন সঙ্গে নিয়ে আহাদ আলীকে ধরে বাজারে পেছনের কলাবাগানে গিয়ে মারধর করে অসুস্থ অবস্থায় পুলিশে সোপর্দ করেন। পুলিশ তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আহাদ আলীকে মৃত ঘোষণা করেন। পরে তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করেছেন নিহতের স্বজনেরা। গ্রামবাসীর ধারণা, মারধরের কারণে আহাদ আলীর স্ট্রোক হতে পারে।
এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস বলেন, আহাদ আলীর মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আহাদের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, গত রোববার বাদীর এক স্বজন আহাদের বাড়িতে গেলে তিনি ধর্ষণচেষ্টা করে বলে অভিযোগ এনে থানায় মামলা করে। এ ঘটনার পর থেকে আহাদ আলী পলাতক ছিলেন।
