ছবির ক্যাপশন:
দর্শনা অফিস:
দর্শনায় ৪২ বোতল ফেনসিডিল, মোটরসাইকেল, বাইসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক মাদক ব্যবসায়ীরা হলেন দর্শনা পৌর এলাকার পরানপুর গ্রামের আমির হোসেনের ছেলে সুলতান মাহমুদ (৩৫) ও দামুড়হুদার হাউলি ইউনিয়নের লোকনাথপুর গ্রামের বদর আলীর ছেলে সাগর (২৩)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান ফোর্স নিয়ে গতকাল শুক্রবার বেলা একটার দিকে দর্শনা পৌর এলাকার রামনগর মাঠপাড়া নামক স্থানের পাকা রাস্তার ওপর মাদকবিরোধী এক অভিযান পরিচালনা করেন। এ সময় একটি মোটরসাইকেলের গতিরোধ করে ৩৩ বোতল ফেনসিডিলসহ দর্শনা পৌর এলাকার পরানপুর গ্রামের আমির হোসেনের ছেলে সুলতান মাহমুদ (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে রাত নয়টার দিকে দর্শনা রামনগর জিরাট মোড়ে ওসি মাহাবুবুর রহমানের নেতৃত্বে একই টিম আরও একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ৯ বোতল ফেনসিডিল, বাইসাইকেলসহ দামুড়হুদার হাউলি ইউনিয়নের লোকনাথপুর গ্রামের বদর আলীর ছেলে সাগর (২৩) নামের আরেক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। উদ্ধার হওয়া মাদক, মোটরসাইকেল, বাইসাইকেলসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে।
