জীবননগর অফিস:
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খইয়েছেন জীবননগর বাঁকা গ্রামের রুবেল (২৫) নামের এক যুবক। গতকাল সোমবার ডুগডুগি পশুর হাটে যাওয়ার পথে তিনি অজ্ঞান পাটির খপ্পরে পড়েন। তিনি বর্তমানে অজ্ঞান অবস্থায় জীবননগর হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা যায়, জীবননগর বাঁকা গ্রামের জামাল উদ্দীনের ছেলে রুবেল (২৫) বাড়ি থেকে ছাগল কেনার উদ্দেশ্যে বের হন। তিনি ডুগডুগি পশুর হাটে যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে উঠলে গাড়িতে থাকা অজ্ঞান পার্টির সদস্যরা তাঁকে অচেতন করে তাঁর কাছ থেকে নগদ ৮ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে নেয়। পরে তাঁর ব্যবহৃত অপর একটি মোবাইল ফোন থেকে পরিবারের সদস্যদের জানানো হয়, রুবেল অজ্ঞান অবস্থায় চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড় বাসস্ট্যান্ডে পড়ে আছেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা চুয়াডাঙ্গা থেকে তাঁকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে ভর্তি করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত রুবেল হাসপাতালে অচেতন অবস্থায় ভর্তি ছিলেন।
