রাজাপুর সীমান্তে গুলি বর্ষণ, এলাকাজুড়ে আতঙ্ক!

আপলোড তারিখঃ 2020-03-03 ইং
রাজাপুর সীমান্তে গুলি বর্ষণ, এলাকাজুড়ে আতঙ্ক! ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: জীবননগরের রাজাপুর সীমান্তে মাদক-সংক্রান্ত বিষয় নিয়ে বেশ কয়েক রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনা সম্পর্কে বিজিবির পক্ষ থেকে তেমন কোনো তথ্য পাওয়া না গেলেও মাদক-সংক্রান্ত বিষয় নিয়ে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ঘটনা সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন খালিশপুর-৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল কামরুল আহসান। এদিকে, সীমান্তে গোলাগুলির ঘটনায় এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, খালিশপুর-৫৮ বিজিবির অধীনস্ত রাজাপুর বিওপির সদস্যরা গোপনে সংবাদ পান মানিকপুরের পাগলার বিল এলাকায় কিছু ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় আছে। এ সংবাদ পেয়ে রাজাপুর বিওপির হাবিলদার নায়েক সুবেদার হুমায়ুন কবিরের নেতৃত্বে বিজিবির সদস্যরা ফেনসিডিল উদ্ধারের জন্য ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গেদে ক্যাম্পের সদস্যরাও পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ফেনসিডিল ভারতীয় অংশের মধ্যে পড়ে আছে বলে দাবি করেন। এ নিয়ে বিজিবি ও বিএসএফ সদস্যদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সেখানে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার ঘটনা ঘটে বলে জানা গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানা গেছে। এ ঘটনার পর এলাকাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে ওই এলাকার কয়েকজন জানান, ‘গতকাল বিকেল পাঁচটার দিকে মানিকপুরের পাগলার বিল এলাকায় মাদক উদ্ধারে যান খালিশপুর-৫৮ বিজিবির অধীনস্ত রাজাপুর বিওপির সদস্যরা। এ সময় ওই মাদক উদ্ধার নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে বিজিবির সদস্যদের কথা-কাটাকাটি হয় এবং একপর্যায়ে তা ধস্তাধস্তিতে রূপ নেয়। অবস্থা বেগতিক দেখে ঘটনাস্থলে থাকা বিজিবির সদস্যরা রাজাপুর ক্যাম্পে ফোন দিলে ক্যাম্পের সদস্যরা অস্ত্রশস্ত্র নিয়ে ঘটনাস্থলে যান। এরপর ব্যাপক গুলির শব্দ শোনা যায়। এ গুলির শব্দ শুনে এলাকায় মানুষ আতঙ্কিত হয়ে পড়ে, বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে।’ এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, ‘জীবননগর থানাধীন রাজাপুর মানিকপুর ভারতীয় সীমান্তে অজ্ঞাতনামা এক মাদক ব্যবসায়ী কিছু ফেনসিডিল খোলা মাঠে রেখে যান। খবর পেয়ে খালিশপুর-৫৮ বিজিবির অধীনস্ত রাজাপুর বিওপির হাবিলদার নায়েক সুবেদার হুমায়ুন কবিরের নেতৃত্বে বিজিবির সদস্যরা ফেনসিডিল উদ্ধারের জন্য ওই ঘটনাস্থলে অভিযান চালান। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরাও পড়ে থাকা ফেনসিডিল ভারতীয় অংশের মধ্যে পড়ে আছে বলে দাবি করেন। এ নিয়ে বিজিবি ও বিএসএফ সদস্যদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে গোলাগুলির শব্দ শোনে এলাকাবাসী। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জেনেছি।’ এ বিষয়ে চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, ‘জীবননগর রাজাপুর সীমান্তে মাদক-সংক্রান্ত বিষয় নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে দ্বন্দ্ব বাঁধে। এ সময় সেখানে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয় বলে আমরা জানতে পেরেছি।’ এ বিষয়ে জানতে খালিশপুর-৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল কামরুল আহসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ঘটনায় কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘটনার বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)