ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা পশুহাটপাড়ায় দেওয়াল চাপা পড়ে এক স্কুলছাত্রসহ দুই শ্রমিক আহত হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টার দিকে পশুহাটপাড়ায় শ্মশান ঘাটের দেওয়াল চাপা পড়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা শ্মশানপাড়ার আব্দুল্লাহ-এর ছেলে, তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র লিখন (৯), চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদহ এশিয়াপাড়ার ইমান আলীর ছেলে শ্রমিক সাইফুল (২৫) ও তার সহকর্মী সদরের জালশুকা মাঠপাড়ার আশাদুল আলীর ছেলে হৃদয় হোসেন (২০)। এর মধ্যে লিখনের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন।
জানা যায়, চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা পশুহাটপাড়ার টিটু মিয়ার বাড়ি নির্মাণে শ্মশানের দেওয়াল ঘেষে ৮ জন শ্রমিক গতকাল রোববার সকাল থেকে মাটি কাটছিলেন। হঠাৎ দুপুর ১২টার দিকে শ্মশানের দেওয়াল ধসে পড়ে। এ সময় তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিশু লিখন বাড়ি ফিরছিল। এ সময় ইটের দেওয়ালের নিচে চাপা পড়ে স্কুলছাত্র লিখনসহ দুজন নির্মাণ শ্রমিক। এতে লিখন গুরুত্বর জখম হলেও দুজন নির্মাণ শ্রমিক সামান্য আহত হন। খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌছেঁ আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যর চিকিৎসক আহতদেরকে চিকিৎসা প্রদান করেন। তবে আহতদের মধ্যে শিশু লিখনের পায়ের জখম গুরুত্বর হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা করা হয়। প্রত্যক্ষদর্শী শ্রমিক ইস্রাফিল জানান, তাঁরা আটজন শ্রমিক মিলে টিটু মিয়া বাড়ি নির্মাণ করার জন্য মাটি কাটছিলেন। এ সময় হঠাৎ দেওয়ালটি ধসে পড়লে তারা আহত হয়।
