ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই মাদকসেবীর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল রোববার দুপুরে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন আলী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার রাধিকাগঞ্জ গ্রামের শামসুল হকের ছেলে সাইদুল ইসলাম (৩২) বেশ কিছু দিন ধরে মাদক সেবন করে আসছিলেন। কয়েকদিন আগে সাইদুল তাঁর বাবার একটি গরু গোপনে বিক্রি করে মাদক সেবন করছিলেন। এ সময় সাইদুলের বাবা পুলিশকে সংবাদ দিয়ে মাদক সেবনকালে তাঁকে ধরিয়ে দেন। অপর দিকে, ভাংবাড়িয়া গ্রামের অভিযান চালিয়ে মৃত আজগর আলীর ছেলে গাঁজা ব্যবসায়ী আব্দুল মান্নানকে আটক করে পুলিশ। আটকের পর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সংবাদ প্রদান করা হয়। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবনের অপরাধে সাইদুলকে চার মাস ও গাঁজা ব্যবসায়ী আব্দুল মান্নানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ সময় আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) সিদ্ধার্থ মণ্ডল ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।
