ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়নের গোয়ালবাড়ী লক্ষীপুরে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মূল আসামি আনারুলসহ অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে মামলা হয়েছে। পুলিশের কাজে বাধা ও পুলিশের ওপর হামলা করায় এসআই হেলেনা বাদী হয়ে এ মামলা করেন। এ ঘটনায় গত শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে পুলিশ। আটক হওয়া ব্যক্তিরা হলেন খাদিমপুর গোয়ালবাড়ী গ্রামের বোরহান উদ্দিনের ছেলে আনারুল, একই গ্রামের আব্দুর রশিদের ছেলে হাউস আলী (৩৫) ও মৃত রিয়াজ উদ্দিনের ছেলে নওয়াব আলী (৫৫)। গতকাল রোববার আটক ব্যক্তিদের আদালতে প্রেরণ করা হলে আদালত তাঁদেরকে চুয়াডাঙ্গা জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
এ ব্যাপারে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামি আনারুলসহ অজ্ঞাতানামা ১০-১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার রাতেই পৃথক অভিযান চালিয়ে মূল আসামি আনরুলসহ এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত দুজনকে আটক করা হয়েছে। রোববার তাঁদেরকে চুয়াডাঙ্গা প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামি আনারুলকে ধরতে এসআই হেলেনা ফোর্স নিয়ে আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়নের গোয়ালবাড়ী লক্ষীপুরে যায়। এ সময় আনরুলকে আটক করলে তাঁর সহযোগীরা পুলিশের ওপর হামলা ও পুলিশের গাড়িতে হামলা করেন এবং হ্যান্ডক্যাপসহ আনারুল পালিয়ে যান। এ ঘটনায় এসআই হেলেনাসহ তিন পুলিশ সদস্য আহত হয়ে হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। খবর পেয়ে আলমডাঙ্গা থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে অভিযান শুরু করে।
