ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেছেন, ‘বঙ্গবন্ধু সবসময়ই সাংবাদিকদের সহায়ক শক্তি হিসেবে পাশে রাখতেন। আন্দোলন সংগ্রামসহ যেকোনো উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে বঙ্গবন্ধুর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অনুকরণীয় দৃষ্টান্ত। চুয়াডাঙ্গার সাংবাদিক সমাজের সঙ্গেও আমার ও আমাদের সেই সম্পর্ক রয়েছে। উন্নয়ন প্রশ্নে আগামীতেও আমি সাংবাদিকদের পাশে পেতে চাই। আমিও পাশে ছিলাম, আছি এবং থাকব।’ গতকাল বুধবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তাঁর কার্যালয়ে এমপি ছেলুন জোয়ার্দ্দার উপরোক্ত অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, ‘চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাংগঠনিক কর্মকাণ্ড বেগবান করতে আমার সহযোগিতায় কমতি থাকবে না।’
সৌজন্য সাক্ষাৎকালে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেবসহ অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের নির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানালে এমপি ছেলুন জোয়ার্দ্দার তা সাদরে গ্রহণ করে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি দেন। আগামী ১৮ মার্চ বেলা ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে অভিষেক ও শপথ গ্রহণের প্রাথমিক দিনক্ষণও নির্ধারণ করা হয়।
সৌজন্য সাক্ষাৎকালে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিট সভাপতি প্রবীণ সাংবাদিক আজাদ মালিতা, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, প্রেসক্লাবের সহসভাপতি কামাল উদ্দিন জোয়ার্দ্দার, সহসাধারণ সম্পাদক ইসলাম রাকিব, অর্থ সম্পাদক আতিয়ার রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহাদ আলী মোল্লা, ক্রীড়া সম্পাদক খায়রুজ্জামান সেতু, দপ্তর সম্পাদক আবুল হোসেন, কার্যকরী সদস্য বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাবেক সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম সনি, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিক রহমান প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎকালে সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন চুয়াডাঙ্গার রাজনৈতিক, সামাজিক বিভিন্ন দিক নিয়ে খোলামেলা আলোচনা করেন। তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সবাইকে আরও বেশি আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তাগিদ দিয়ে বলেন, উন্নয়নে সাংবাদিক ও রাজনীতিকের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অপরিহার্য।
