জীবননগর অফিস:
জীবননগর উপজেলার বেশ কিছু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে নোট-গাইড বাণিজ্যের অভিযোগ উঠেছে। সরকারিভাবে নোট-গাইড বিক্রি নিষিদ্ধ করা হলেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা সরকারি নির্দেশ অমান্য করেই বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের কাছে নোট-গাইড বইয়ের বাণিজ্য করে যাচ্ছেন।
এ বিষয়ে জীবননগর উপজেলার বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলে, ‘স্যারেরা আমাদেরকে স্কয়ার-এর গাইড বই কিনতে বলেছেন। এমনকি একজন শিক্ষক আমাদের কাছ থেকে টাকা নিয়ে এসব গাইড বই এনে দিচ্ছেন।’
এ বিষয়ে অভিভাবকেরা বলেন, স্কুলের শিক্ষকদের বুকলিস্ট অনুয়ায়ী নোট-গাইড বই কিনে না দিলে, তাঁদের সন্তানেরা শিক্ষকদের হাতে মারধরের শিকার হয়। তাই সন্তানরা ভয়ে স্কুলে যেতে চাই না।
বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানোয়ার হোসেন বলেন, ‘গাইড বই বিক্রি করা সরকারিভাবে নিষেধ। আমি আমার স্কুলের সব শিক্ষককে গাইড বই বিক্রি করতে নিষেধ করেছি।’
তথ্যানুসন্ধানে জানা গেছে, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিহরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কিছু বিদ্যালয়ে কোম্পানির নিকট থেকে কমিশন নিয়ে শিক্ষার্থীদের নোট-গাইড বই কিনতে বলছেন ওই সব স্কুলের শিক্ষকেরা।
এ প্রসঙ্গে জীবননগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন,‘নোট-গাইড বই বিক্রি সরকারিভাবে নিষেধ। কিন্তু যদি নোট-গাইড বই বিক্রির বিষয়ে কোনো শিক্ষকের সংশ্লিষ্টতা পাওয়া যায়, তবে তাঁদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
