ছবির ক্যাপশন:
হাম-রুবেলা ক্যাম্পেইনে জেলা প্রশাসক নজরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে হাম-রুবেলা ক্যাম্পেইন-২০২০’র জেলা পরিকল্পনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনব্যাপী ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এবিএম রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এ সময় তিনি বলেন, হাম ও রুবেলা ভাইরাসজনিত দুটি সংক্রামক রোগ। আক্রান্ত রোগীর হাঁচি-কাশির মাধ্যমে তার সংস্পর্শে আসা অন্যদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে। শিশুদের মধ্যেই এই রোগের প্রকোপ, জটিলতা এবং মৃত্যু বেশী দেখা যায়। সরকার এই রোগের প্রকোপ থেকে সুরক্ষার জন্য ইপিআই কর্মসুচির মাধ্যমে টিকা দানের উদ্যোগ গ্রহন করেছে। প্রশিক্ষণ নিয়ে তা জনস্বার্থে কাজে লাগাতে হবে। সরকারি খরচে হাম-রুবেলার টিকা দিয়ে দায়িত্বশীল মা-বাবারা যেন নিজ সন্তানদের প্রাণঘাতি এসব রোগ থেকে মুক্ত রাখেন সে বিষয়ে তাদের বোঝাতে হবে। ক্যাম্পেইন চলাকালে যেন কোনো শিশু হাম-রুবেলার টিকা নেয়া থেকে বাদ না যায়, তার জন্য সর্বোচ্চ প্রচার চালাতে হবে। সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার নিখিল রঞ্জন চক্রবর্তী, সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আওলিয়ার রহমান, জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম, পুলিশ পরিদর্শক এমদাদুল হক প্রমুখ।
