আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ২ ওষুধ ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা এবং ২ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী অভিযোগের ভিত্তিতে মিয়াপাড়ার মৃত আজিমদ্দিনের ছেলে একটি ফার্মেসির মালিক মোস্তাফিজুর রহমানকে অবৈধ নেশাজাতীয় ইনজেকশন ইজিয়াম বিক্রয় করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ড্রাগ অ্যাক্ট ১৯৪০ আইনে ২০ হাজার টাকা জরিমানা করেন। পরে আলমডাঙ্গা ফাতেমা ক্লিনিকের সামনে মিম সার্জিকাল ফার্মেসির মালিক নিয়ামত আলীর ছেলে মনোয়ারকে একই আইনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাদী জিয়াউদ্দিন আহম্মেদ। এ ছাড়া আলমডাঙ্গা থানার এসআই রহিম ফোর্সসহ কুমারী গ্রাম থেকে মৃত মফিজ উদ্দিনের ছেলে মাদকসেবী কোরবানকে আটক করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কোরবানকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ ছাড়াও আলমডাঙ্গা এরশাদপুর গ্রামের মন্টু কসাইয়ের ছেলে মাদকসেবী মনোয়ারকে আটক করা হয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। আজ শনিবার তাঁদের চুয়াডাঙ্গা জেলহাজতে প্রেরণ করা হবে।
