জীবননগর অফিস:
জীবননগরে ৯ম শ্রেণির স্কুলছাত্রীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। গতকাল বুধবার বেলা ২টার সময় জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের বেনীপুর মাঠপাড়ায় এ ঘটনা ঘটে। ওই স্কুলছাত্রী নাম সুমাইয়া (১৫)। সে বেনীপুর গ্রামের দিনমজুর মোমিনুর রহমানের মেয়ে ও করতোয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী।
জানা গেছে, গতকাল বেলা ২টার সময় সুমাইয়া করতোয়া মাধ্যমিক বিদ্যালয় ছুটি হওয়ার পর স্কুল থেকে বাড়ি ফেরার সময় বেনীপুর মাঠপাড়ায় পৌঁছালে সেখানে আগে থেকে ওত পেতে থাকা একই গ্রামের রেজার বখাটে ছেলে ইকরামুল হক (১৮) তাকে জোরপূর্বক জড়িয়ে ধরে। এ সময় স্কুলছাত্রী নিজেকে রক্ষা করার জন্য চেষ্টা করলে বখাটে ইকরামুল তাকে মারধর করে। বিষয়টি স্কুলছাত্রী বাড়িতে বললে তাঁর পরিবারের লোকজন উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট যান এবং বখাটে ইকরামুলের বিরুদ্ধে জীবননগর থানায় একটি মামলা দায়ের করেন।
করতোয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফিক আহম্মেদ বলেন, ‘স্কুলছাত্রীকে মারধর করার বিষয়টি আমি শুনেছি। তবে স্কুল ছুটির পর ঘটনাটি ঘটায় তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নিতে পারিনি। তবে বিষয়টি আমি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিকে জানিয়েছি।’
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, স্কুলছাত্রীকে মারধর করার বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তবে তদন্তপূর্বক বখাটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, করতোয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির এক স্কুলছাত্রীকে মারধর করা হয়েছে এই মর্মে ওই স্কুলছাত্রী অভিযোগ করলে তাকে আইনের সহযোগিতা দেওয়া হয়। বকাটের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
