ছবির ক্যাপশন:
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কলকাতা থেকে বাইসাইকেলযোগে
শের খান, মুজিবনগর:
সাইকেল চালিয়ে সীমান্ত পেরিয়ে ভারতের কলকাতার ২০ সদস্যের একটি প্রতিনিধিদল এখন বাংলাদেশে। উদ্দেশ্য, ভাষাশহীদদের শ্রদ্ধা জানানোর জন্য ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ২১শে ফেব্রুয়ারির প্রভাতফেরিতে অংশ নেওয়া। আর এ জন্য তাঁদের পাড়ি দিতে হবে সাড়ে ৫ শ কিলোমিটার পথ। দর্শনা সীমান্ত হয়ে গত রোববার সন্ধ্যায় মেহেরপুর মুজিবনগর পৌঁছায় এ প্রতিনিধি দলটি। বাংলা ভাষার বিকৃতি ঠেকানো, ভাষার শুদ্ধতা ও মর্যাদা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য বাংলাদেশে এসেছেন ওপার বাংলার কলকাতার ‘ভাষার সূত্র’ নামের সংগঠনের এ ২০ সদস্য।
জানা গেছে, গতকাল কলকাতা প্রেসক্লাবের সামনে থেকে সাইকেল শোভাযাত্রা শুরু করে এ প্রতিনিধি দলটি। ২০১২ সাল থেকে বাংলা ভাষার বিকৃতি ঠেকানোর জন্য প্রতিবছর এ শোভাযাত্রার আয়োজন করেন তাঁরা। গতকাল সোমবার সকালে তাঁরা মেহেরপুরের বিভিন্ন স্থানে ঘুরে কুষ্টিয়ার উদ্দেশে যাত্রা শুরু করেন।
ভাষার সূত্র সংগঠনের দলনেতা বিপ্লব কুমার দত্ত বলেন, ‘বাংলা শুধু কাঁটাতারের মধ্যেই বিভক্ত। ভাষা ও সংস্কৃতিতে আমরা আত্মার-আত্মীয়।’ কাঁটাতারের বেড়াকে তাঁরা ছিন্ন করে দুই বাংলার সাংস্কৃতিক মেলবন্ধন ঘটাতে চান। বাংলা ভাষার জন্য যাঁরা রক্ত দিয়েছন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে এ সাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে বলে জানান বিপ্লব কুমার দত্ত।
আরেক সদস্য স্বরসতী রায় বলেন, ‘বাংলা ভাষার উৎপত্তি, প্রয়োগ অন্যান্য ভাষা থেকে হাজার গুণ সমৃদ্ধ। বাংলা ভাষার জন্যই বিশ্বের বুকে একমাত্র বাঙালি জাতিকে রক্ত দিতে হয়েছে।’ ১৯৯৯ সালে ইউনেস্কোর ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃতি দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘শুধু সংখ্যা ও গুণগত মান বিচার করে নয়, বাংলা ভাষা সবদিক থেকে সমৃদ্ধ।’ সদস্য তপন কুমার রায় বলেন, ‘বাংলা কখনো হয় না ভাগ, বাংলা ভাষায় আমরা এক। দুটো দেশের ভাষা এক, সুতরাং আমরা কোনো আলাদা জাতি নয়।’ সদস্য সুদিপ্ত পাল বলেন, বাংলাদেশ একটি পবিত্র ভূমি, যেখানে ভাষার জন্য মানুষ শহীদ হয়েছেন।
উল্লেখ্য, ২১শে ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের শ্রদ্ধা জানানোর জন্য সাইকেল শোভাযাত্রাটি বাংলাদেশের দর্শনা, মুজিবনগর, কুষ্টিয়া, রাজবাড়ি, মানিকগঞ্জ হয়ে ঢাকা কেন্দ্র্রীয় শহীদ মিনারে পৌঁছাবে। এ বছরের শোভাযাত্রাটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উৎসর্গ করেছেন তাঁরা।
