ছবির ক্যাপশন:
ওয়াসিম রয়েল:
‘বাংলা কখনো হয় না ভাগ, বাংলা ভাষায় আমরা এক’ এই স্লোগানে প্রতিবছরের ন্যায় এ বছরও ভারতের ১০০ মাইলস সংগঠনের আন্তর্জাতিক ক্রস-বর্ডার মৈত্রি বাইসাইকেল র্যালিটি বাংলাদেশে পৌঁছেছে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ১৮ সদস্যবিশিষ্ট এ প্রতিনিধিদল ভারতের গেদে সীমান্ত হয়ে বাংলাদেশের জয়নগর সীমান্তে পৌঁছায়। দলনায়ক সৌরজিৎ রয় ও লোপামূদ্রা রায়ের নেতৃত্বে এ বাইসাইকেল প্রতিনিধি দলটি ১৪ ফেব্রুয়ারি বেলা আড়াইটার দিকে কোলকাতা প্রেসক্লাবের সামনে থেকে যাত্রা শুরু করে বাংলাদেশের উদ্দেশে। প্রতিনিধিদলের সদস্যরা জানান, তাঁদের মূল উদ্দেশ্য এপার বাংলা-ওপার বাংলা দুই বাংলাকে একই সুতাই গাঁথা। তাঁরা বলেন, ‘ ভাষাসূত্রে প্রতিবছরই বাংলাদেশে আমরা এ ভাষা দিবস পালন করতে আসি। তবে এবার ভারতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০০তম জন্মবর্ষ ও বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদ্যাপন উপলক্ষে দুই বাংলার বিভিন্ন আয়োজনে আমরা অংশগ্রহণ করব।’ জানা গেছে, গতকাল বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী মুজিবনগর পৌঁছানোর পর প্রতিনিধিদলটি আজ সোমবার সকালে মুজিবনগর স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ শেষে বাইসাইকেলযোগে ঢাকা কেন্দ্রিয় শহীদ মিনারের উদ্দেশে রওনা দেবে। এরপর দলটি একুশে ফেব্রুয়ারিতে ঢাকা কেন্দ্রিয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করবে বলে তাঁরা আশা প্রকাশ করেন। গতকাল এ প্রতিনিধিদলকে ফুল দিয়ে বরণ করেন দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, গণ উন্নয়ন গ্রন্থাগারের পরিচালক আবু সুফিয়ান, প্যানেল মেয়র রবিউল হক সুমন, পৌর কাউন্সিলর হাসান খালেকুজ্জামান খালেক, মনির হোসেন, ময়েন উদ্দিন মন্টু, চান্দু মাস্টার, নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মুকুল মেয়াজি প্রমুখ।
