অটোবাইক শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহারের পরও খুশি নন ব্যবসায়ীরা

আপলোড তারিখঃ 2020-02-16 ইং
অটোবাইক শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহারের পরও খুশি নন ব্যবসায়ীরা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দিনভর ধর্মঘটের পর প্রত্যাহার করেছেন অটোবাইক শ্রমিক-মালিকেরা। কিন্তু তাতে খুশি নন, চুয়াডাঙ্গার ব্যবসায়ীরা। নছিমন, করিমন চলাচল বন্ধ করে দেওয়ায় চরম দুর্ভোগে ব্যবসায়ীরা। বিশেষত বাজারের রড, সিমেন্ট ও মুদি ব্যবসায়ীরা পড়েছেন মূল সমস্যায়। ব্যবসার সরঞ্জাম বহনের প্রধান বাহন নছিমন-করিমন হওয়ায় এক রকম বিপাকে পড়েছেন তাঁরা। গতকাল শনিবার বেলা সাড়ে তিনটায় সাধারণ ব্যসায়ীদের ব্যানারে এক মতবিনিময় সভা করেছেন ফেরিঘাট রোড, বড় বাজার, নিচের বাজার, রেল বাজার, নতুন বাজারসহ বিভিন্ন বাজারের রড, সিমেন্ট ও মুদি ব্যবসায়ীরা। ফেরিঘাট রোডের ওপর পূবালি ব্যাংকের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন ব্যবসায়ী সালাউদ্দিন চান্নু, হাবিল হোসেন জোয়ার্দ্দার, শাহাবুদ্দিন মল্লিক, রুহুল আমীন, পলাশ কুমার সাহা, বাচ্চু মিয়া, অপু বিশ্বাস, আব্দুল খালেক প্রমুখ। সভায় বক্তারা বলেন, ‘ব্যবসার ক্ষেত্রে প্রধান বাহন হচ্ছে নছিমন-করিমন। এগুলো আমাদের ব্যবসা এবং অনেকের রুজি-রুটির সঙ্গে জড়িত। যদি এগুলোকে অবৈধ ঘোষণা করা হবেই, তাহলে আমদানি করা হয়েছে কেন। আমরা চাই সঠিক বিষয়টি বিবেচনার। হাইকোর্টের কাছে আমাদের আবেদন, বিষয়টি পুনর্বিবেচনার। সংকট সমাধানে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।’ মের্সাস চান্নু স্টোরের স্বত্বাধিকারী হাজি সালাউদ্দিন চান্নু বলেন, ‘আমরা সাধারণ ব্যবসায়ী হিসেবে নিজেদের মধ্যে আলোচনার পর জেলা দোকান মালিক সমিতি ও জেলা শিল্প ও বণিক সমিতির সঙ্গে আলোচনা করেছি। তাঁরা জানিয়েছেন, এসপি মহোদয় চুয়াডাঙ্গায় নেই। তিনি চুয়াডাঙ্গায় ফিরলে আলোচনা করা হবে। আমরা হাইকোর্টের নির্দেশ অমান্য করতে চাই না। তবে ব্যবসা এবং সংশ্লিষ্টদের রুটি রুজির কথা বিবেচনা করে, মালবাহী গাড়িগুলোকে কিছুটা ছাড় দেওয়ার জন্য অনুরোধ জানাব।’ চুয়াডাঙ্গা নিচের বাজারের পাইকারি ব্যবসায়ী আব্দুল বাতেন বলেন, ‘নছিমন-করিমনে চাষিরা সবজি বাজারে নিয়ে এসে পাইকারি আড়তে বিক্রি করে, আবার আমাদের কাছ থেকে খুচরা বিক্রেতারা পাইকারি কিনে নছিমন-করিমনে করে নিয়ে যেয়ে তা খুচরা বিক্রি করে। আজ কার্যত ব্যবসা প্রায় বন্ধের অবস্থা। পাইকারি ক্রেতা বা বিক্রেতা নেই।’ নিচের বাজারে পাইকারি আড়তের ব্যবসায়ী ও জেলা দোকান মালিক সমিতির প্রচার সম্পাদক মাফিজুর রহমান মাফি বলেন, ‘আজকে বাজারের রূপ হরতালের মতো। বাজারের কেনা-বেচা কোনোটাই নেই বললেই চলে। এটা চরম দুভোর্গ, যেমন ব্যবসার ক্ষতি তেমনি কৃষকেরও ক্ষতি। সকাল বেলা কখনোই আড়তে বসে চা খাওয়ার সুযোগ পাওয়া যায় না। আজ বসে বসে চা খাচ্ছি, কোনো খরিদদার নেই।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)