ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার আনন্দধামের একটি ‘স’ মিলে তিনটি কুকুর ছানা পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তবে কে বা কারা এ বাচ্চাগুলো হত্যা করেছে, তা জানা যায়নি। এ ঘটনার পর পিপলস ফর অ্যানিমেল ওয়েলফেয়ার নামের একটি সংগঠনের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জানা গেছে, আলমডাঙ্গার আনন্দধামের সাদেক মিয়ার ‘স’ মিলে মান্নানের কাঠের গোলায় একটি মা কুকুর পাঁচটি বাচ্চা প্রসব করে। গত শুক্রবার কে বা কারা চারটি বাচ্চা পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় তিনটি বাচ্চা মারা যায়। বাচ্চা পিটিয়ে হত্যার পর মা কুকুর কান্না ও চিৎকারে স্থানীয় লোকজন ছুটে গিয়ে দেখেন, বিভিন্ন স্থানে তিনটি কুকুরের বাচ্চা মরে পড়ে আছে। এদের মধ্যে একটি রক্তাক্ত জখম অবস্থায় ছিল। এ ঘটনা জানাজানি হলে পিপলস ফর অ্যানিমেল ওয়েল ফেয়ার নামের সংগঠনের পক্ষে সাদ্দাম খান, সুলতানুল আরেফিন তাইফু, রাশেদুজ্জামান ও মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা প্রাণী হত্যার ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট আবেদন করবেন বলে জানান।
