নির্দেশ অমান্য, দোকানিকে পেটাল বিজিবি

আপলোড তারিখঃ 2020-02-13 ইং
নির্দেশ অমান্য, দোকানিকে পেটাল বিজিবি ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে বিজিবি সদস্যের বিরুদ্ধে দোকানিকে পেটানোর অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার সময় ঝিনাইদহ মহেশপুর ৫৮ বিজিবির অধীনস্থ মাধবখালী বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার রেজাউল হোসেন টহলরত অবস্থায় ধোপাখালী বাজারে অবস্থান করেন। ওই দিন সেখানে বেশকিছু দোকান রাত সাড়ে ৯টার পরও খোলা থাকায় দোকানিদের দোকান বন্ধ করার নির্দেশ প্রদান করা হয়। এ সময় বিজিবির এক সদস্য বাজে ভাষায় দোকানদারদের গালিগালাজ করেন। এক হোটেল ব্যবসায়ী এর প্রতিবাদ করলে তাঁকে মারধর করাসহ দোকানে তালা লাগিয়ে দেওয়া হয়। এ ঘটনায় দোকানদাররসহ স্থানীয় ব্যক্তিরা বিজিবির ওপর ক্ষোভে ফুঁসে ওঠেন। পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতে ঘটনাটি মীমাংসা করা হয়। এ বিষয়ে দোকানি আজিজুল হক বলেন, ‘আমরা বিজিবির নির্দেশ মতো প্রতিদিন রাত ৯টার সময় দোকান বন্ধ করি। কিন্তু মঙ্গলবার রাতে একটা বিয়ের কারণে আমরা সবাই রাত সাড়ে ৯টা পর্যন্ত দোকান খোলা রাখি। কিন্তুু বিজিবিরা এসে এমনভাবে গালিগালাজ করে, যা ভাষায় প্রকাশ করা যায় না। তারপরও আমরা কোনো কথা বলিনি। কিন্তু কোনো কথাবার্তা না বলেই বিজিবির সদস্যরা আমাদের মারধর করতে থাকে।’ একই অভিযোগ করেন দোকানি কাজল ও শামীম। তাঁরা বলেন, ‘আমরা দোকান খুলি বিকেল ৫টার সময় আর বন্ধ করি রাত ৯টার সময়। কারণ রাত একটু বেশি হলেই বিজিবির সদস্যরা বাজারে এসে বাজে ভাষায় গালিগালাজ করতে থাকে। সেই ভয়ে আমাদের বেচাকেনা হোক বা না-হোক দোকান বন্ধ করে চলে যাই আমরা। কিন্তু ওই দিন একটা অনুষ্ঠানের জন্য দোকান বন্ধ করতে দেরি হওয়ায় তারা আমাদের মারধর করে। বর্তমানে আমরা বিজিবির আতঙ্কে দিন পার করছি। ঝিনাইদহ মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক কামরুল আহসানের সঙ্গে এ বিষয়ে কথা বললে তিনি বলেন, ‘বিজিবির সদস্যরা কাউকে অন্যায়ভাবে মারধর করেনি। যেহেতু সীমান্তবর্তী এলাকা, সেহেতু রাত ৯টার মধ্যে সব দোকান বন্ধ করার নির্দেশ আছে। তা ছাড়া অনেক ক্ষেত্রে দেখা যায়, যেসব দোকানগুলো অনেক রাত পর্যন্ত খোলা রাখা হয়, সে দোকানে অনেক মাদক ব্যবসায়ী বসে থাকে। রাতে তো আর কোনো বেচাকেনা হয় না। তা ছাড়া এত রাত দোকানে আড্ডা দেওয়ার কোনো যুক্তিই আসে না। সাধারণ মানুষের নিরাপত্তার ক্ষেত্রে আমাদের কাজ করতে হয়। বিজিবি মানুষের সেবা করার জন্য, কোনো ক্ষতি করার জন্য নয়।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)